দৃষ্টি ফেরাতে ডিসিসি নির্বাচনের কথা বলছে সরকার: ফখরুল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সরকারবিরোধী আন্দোলন থেকে জনগণের দৃষ্টি ভিন্ন খাতে ফেরাতেই সরকার ঢাকা সিটি করপোরেশন (ডিসিসি) নির্বাচনের কথা বলছে বলে দাবি করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

আজ মঙ্গলবার সকালে রাজধানীর ল্যাবএইড হাসপাতালে চিকিৎসাধীন চলচ্চিত্র নির্মাতা চাষী নজরুল ইসলামকে দেখতে যান মির্জা ফখরুল। পরে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
গতকাল সোমবার মন্ত্রিসভার বৈঠকে ডিসিসি নির্বাচনের বিষয়ে প্রধানমন্ত্রীর নির্দেশনার বিষয়ে জানতে চাইলে মির্জা ফখরুল বলেন, অবৈধ সরকার নিজেদের বৈধতার জন্য এবং বিরোধী দলের আন্দোলন দমন করতে সব ধরনের অপকৌশল করছে। এখন জনগণের দৃষ্টি ভিন্ন দিকে প্রবাহিত করতে এত দিন পর ঢাকা সিটি করপোরেশন নির্বাচনের কথা বলছে। অতীতে এ ধরনের সিদ্ধান্ত নিয়ে জনগণের আন্দোলন বন্ধ করা যায়নি। তিনি জানান, যখন ওই নির্বাচন আসবে, তখন বিএনপির অংশগ্রহণের বিষয়ে দলীয় সিদ্ধান্ত জানানো হবে।
বিএনপির ভাইস চেয়ারম্যান সাদেক হোসেন খোকার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলার অভিযোগপত্র দাখিলের বিষয়ে জানতে চাইলে মির্জা ফখরুল বলেন, সাদেক হোসেন খোকা অসুস্থ, বিদেশে চিকিৎসাধীন আছেন। এ অবস্থায় তাঁর বিরুদ্ধে একটি মিথ্যা মামলা দেওয়া হয়েছে। আসলে সরকার বিএনপি, বিএনপির নেতা ও আন্দোলন নিয়ে এতটা ভিতু যে রাজনৈতিকভাবে মোকাবিলা করতে না পেরে মিথ্যা মামলা, নির্যাতন-নিপীড়নের পথ বেছে নিয়েছে। এতে প্রমাণ হয় আওয়ামী লীগ রাজনৈতিকভাবে কতটা দেউলিয়া হয়ে গেছে।
মির্জা ফখরুল বলেন, ৫ জানুয়ারি ভোটারবিহীন নির্বাচনের মাধ্যমে সংসদ গঠন করা হয়েছে। এতে জনগণের কোনো ম্যান্ডেট নেই। এখানে সত্যিকারের নয়, গৃহপালিত বিরোধী দল আছে, যা দেশের সবাই জানে। তাই এই সংসদে বিরোধী দলের কোনো ভূমিকাই থাকতে পারে না। এটা একদলীয় ও অবৈধ সংসদ।
এ সময় অন্যদের মধ্যে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ডা. এ জেড এম জাহিদ হোসেন, খালেদা জিয়ার বিশেষ সহকারী শামসুর রহমান শিমুল বিশ্বাস প্রমুখ উপস্থিত ছিলেন।