জনগণের দৃষ্টি ভিন্ন খাতে ফেরাতে শেখ মুজিবুর রহমান হত্যায় জিয়াউর রহমানকে জড়ানো হচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গতকাল রোববার রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে এক শোকসভায় এ অভিযোগ করেন তিনি।
সাবেক মন্ত্রী সদ্যপ্রয়াত এল কে সিদ্দিকীর স্মরণে অ্যাসোসিয়েশন অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (অ্যাব) এ সভার আয়োজন করে। অ্যাবের ভারপ্রাপ্ত সভাপতি আ ন হ আকতার হোসেন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।
বঙ্গবন্ধু হত্যার ষড়যন্ত্রে জিয়াউর রহমানও জড়িত ছিলেন বলে গত শনিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেওয়া বক্তব্যের সমালোচনা করে মির্জা ফখরুল বলেন, সবাই জানে আওয়ামী লীগের নেতা খন্দকার মোশতাকই শেখ মুজিবুর রহমান হত্যায় জড়িত। যেহেতু এখন দেশে গণতন্ত্র নেই। জনগণের দৃষ্টি এখান থেকে ফেরাতে চায় সরকার। এ জন্য এই ইস্যু সামনে আনা হচ্ছে। তিনি অভিযোগ করেন, সরকার দেশকে অন্ধকার গহ্বরের দিকে নিয়ে যাচ্ছে।
‘জিয়া হত্যায় হাসিনা জড়িত থাকতে পারেন’: গতকাল সকালে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী অভিযোগ করেন, বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যায় শেখ হাসিনা জড়িত থাকতে পারেন। শেখ হাসিনা দেশে ফেরার ১৩ দিনের মাথায় জিয়াউর রহমান খুন হন।