দৃষ্টি ফেরানোর 'অপচেষ্টা' বলল বিএনপি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নজরুল ইসলাম খান । ফাইল ছবি
নজরুল ইসলাম খান । ফাইল ছবি

‘জনগণের দৃষ্টি অন্যদিকে ফেরানোর অপচেষ্টা’ হিসেবেই দলের সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানকে নাশকতার মামলায় জড়িয়ে অভিযোগপত্র দেওয়া হয়েছে বলে অভিযোগ করেছে বিএনপি।
আজ বৃহস্পতিবার বিকেলে গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলের পক্ষ থেকে এই অভিযোগ করা হয়। এর আগে গতকাল দলটির মুখপাত্র আসাদুজ্জামান রিপন অবশ্য দাবি করেছিলেন, বিএনপির পুনর্গঠন প্রক্রিয়া বাধাগ্রস্ত করতেই তারেককে নতুন করে মামলায় জড়ানো হয়েছে।
গত মঙ্গলবার গাজীপুরে একটি বাস পোড়ানোর মামলায় তারেক রহমানসহ ৩২ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দেয় পুলিশ। এ নিয়ে দলের মুখপাত্র প্রতিক্রিয়া জানানোর একদিন পর আজ আবারও সংবাদ সম্মেলন করে দলীয় প্রতিক্রিয়া জানালেন বিএনপির শীর্ষ পর্যায়ের নেতারা।
এতে লিখিত বক্তব্যে স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন, ‘সরকারি দলের এবং জোটের অভ্যন্তরীণ বিবাদে সরকার যখন বিব্রত, খুন-খারাবি যখন চরম পর্যায়ে, গুম, খুন, ছিনতাই, চাঁদাবাজি, শিশু হত্যা, নারী নির্যাতন এমনকি হিন্দু সম্প্রদায়ের সম্পদ দখলের ঘটনা যখন সর্বকালের রেকর্ড অতিক্রম করে দেশের জনগণকে অতিষ্ঠ করে তুলেছে, তখন জনগণের দৃষ্টি অন্যদিকে ফেরানোর অপচেষ্টা হিসাবেই জনাব তারেক রহমানকে কাল্পনিক ও বানোয়াট অভিযোগে অভিযুক্ত করে মামলা দায়ের করা হলো।’

তারেক রহমানের বিরুদ্ধে দেওয়া অভিযোগপত্রকে ‘ভাদ্র মাসে আষাঢ়ে গল্প’ আখ্যা দিয়ে নজরুল ইসলাম বলেন, ‘এটি জিয়াউর রহমানের পরিবারের বিরুদ্ধে সরকারের প্রতিহিংসার প্রকাশ। চার্জশিটে ১৯ নম্বর আসামি বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানকে জয়দেবপুর থানার ১৮ কিলোমিটার দূরে মণিপুর খাসপাড়া এলাকায় তারেক জিয়া মোড়ে বাস পোড়ানোর ঘটনার পরিকল্পনাকারী ও অর্থদাতা হিসাবে অভিযুক্ত করা হয়েছে। গত ২১ জানুয়ারি সংঘটিত ওই ঘটনার এজাহারে তারেক রহমানের নাম ছিল না।’

নজরুল ইসলাম দাবি করেন, তারেক রহমানের ব্যক্তিগত সহকারী বলে যার নাম উল্লেখ করা হয়েছে তিনি নারায়ণগঞ্জের রূপগঞ্জের বাসিন্দা ও একজন ব্যবসায়ী। তিনি কখনো তারেক রহমানের ব্যক্তিগত সহকারী ছিলেন না—এখনো নেই। তিনি কিংবা মেয়রপুত্র মঞ্জুরুল আহসান রনি কেউই বিএনপির কোনো পর্যায়ের নেতা নন। কথিত আসামিরাও বিএনপি বা কোনো অঙ্গ দলের পরিচিত নেতা-কর্মী নন।

বিএনপির এ নেতা অবিলম্বে তারেক রহমানের নামে দায়ের করা মামলা প্রত্যাহারের দাবি জানান। একই সঙ্গে যত দিন পর্যন্ত তারেক রহমান আত্মপক্ষ সমর্থনমূলক বক্তব্য প্রচার ও প্রকাশ করতে না পারবেন, তত দিন পর্যন্ত তাঁর বিরুদ্ধে কেউ কিছু বললে বা করলে তাও প্রচার ও প্রকাশ না করার জন্য তিনি গণমাধ্যমের প্রতি আহ্বান জানান।

সংবাদ সম্মেলনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ, গয়েশ্বর চন্দ্র রায়, আ স ম হান্নান শাহ, ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমান, শাহ মোয়াজ্জেম হোসেন, সেলিমা রহমান, যুগ্ম মহাসচিব মোহাম্মদ শাহজাহান প্রমুখ উপস্থিত ছিলেন।