বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করেছেন, জনদৃষ্টিকে ভিন্ন খাতে প্রবাহিত করতে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাদের মিথ্যা মামলায় গ্রেপ্তার করা হয়েছে। বিএনপির নেতা-কর্মীদের গ্রেপ্তার শাসকদলের নিজেদের অপরাধের ভারসাম্য আনার অপচেষ্টা মাত্র। গতকাল বুধবার গণমাধ্যমে দেওয়া এক বিবৃতিতে মির্জা ফখরুল এই অভিযোগ করেন। তিনি বলেন, মঙ্গলবার পুলিশ নাসিরনগরে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা আমিনুল ইসলাম চকদার, জুনায়েদ সিদ্দিকী, মো. শাহজহান ও ফারুককে গ্রেপ্তার করে। সংখ্যালঘুদের ওপর আক্রমণের ঘটনায় হিন্দু জনগোষ্ঠীর ক্ষোভকে অন্যদিকে সরিয়ে দিতে সরকার রাজনৈতিক উদ্দেশ্যে স্থানীয় বিএনপির নেতাদের গ্রেপ্তার করছে। তিনি দলের নেতা-কর্মীদের মুক্তির দাবি জানান।
এদিকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন অভিযোগ করেছেন, নাসিরনগরের ঘটনার দোষ বিএনপির ওপর চাপানোর জন্যই দলের নেতাদের গ্রেপ্তার করা হচ্ছে। গতকাল বুধবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভায় তিনি এই অভিযোগ করেন। মাওলানা আবদুল হামিদ খান ভাসানীর মৃত্যুবার্ষিকী উপলক্ষে বিএনপি ওই আলোচনা সভার আয়োজন করে।