দেড় যুগেও পরিবর্তন হয়নি নেতৃত্বের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়া জেলা যুবলীগের তিন বছর মেয়াদের কমিটি গড়িয়েছে ১৮ বছরে। নেতাদেরও কারও ৫০ ছুঁই ছুঁই, কারও বয়স ৫০ ছাড়িয়েছে। সময়ের পরিবর্তনে শীর্ষ নেতাদের বেড়েছে ব্যক্তিগত ব্যস্ততা। মূল দলের নেতৃত্বেও জায়গা করে নিয়েছেন কেউ। কিন্তু পরিবর্তন হয়নি শুধু দেড় যুগের নেতৃত্বে। এতে সাংগঠনিক কর্মকাণ্ডে নেমে এসেছে স্থবিরতা।
জেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক কামরুল মোর্শেদ বলেন, জেলা যুবলীগের নেতৃত্ব ‘রাজনৈতিক সেশন জটে’ পড়েছে। কেউ ক্ষমতা ছাড়তে না চাওয়ার কারণে এ অবস্থার সৃষ্টি হয়েছে। তিনি বলেন, ‘আমার বয়স এখন ৫৪। আওয়ামী লীগের সদস্য হওয়ার বয়সও পেরিয়েছি। অথচ এখনো যুবলীগেই আটকে আছি। যুবলীগে কোনো সাংগঠনিক কর্মকাণ্ড নেই। দু-একজন নেতাসর্বস্ব হয়ে পড়েছে জেলা যুবলীগ।’
জেলা যুবলীগের আটজন নেতার সঙ্গে কথা বলে জানা গেছে, ১৯৯৭ সালের ১২ মে জেলা যুবলীগের সর্বশেষ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে মঞ্জুরুল আলম মোহন সভাপতি ও সাগর কুমার রায় সাধারণ সম্পাদক হন। গঠনতন্ত্র অনুযায়ী, এ কমিটির মেয়াদ তিন বছর হলেও আজ পর্যন্ত সম্মেলন হয়নি।
নেতা-কর্মীদের ভাষ্যমতে, দেড় যুগ আগের কমিটির বেশির ভাগ নেতা এখন ব্যক্তিগত কাজে ব্যস্ত। সভাপতি মঞ্জুরুল আলম মোহন এক বছর আগে জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক হন। সাধারণ সম্পাদক সাগর কুমার রায় ব্যস্ত নিজের ব্যবসা-বাণিজ্য নিয়ে। সাংগঠনিক সম্পাদক কামরুল মোর্শেদ একই সঙ্গে জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সহসভাপতি হওয়ায় সেখানেই তাঁর সময় কাটে। দু-একজন ছাড়া কার্যকরী কমিটির বেশির ভাগ সদস্য এখন নিষ্ক্রিয়। বিভিন্ন কারণে কয়েকটি পদ ফাঁকা হয়েছে। সম্মেলনের বদলে নেতৃত্ব গতিশীল করতে কয়েক দফা সদস্য কো-অপ্ট করে সরকারি আজিজুল হক কলেজের সাবেক এজিএস আমিনুল ইসলামসহ একাধিক নেতাকে সংগঠনের শীর্ষ নেতৃত্বে আনা হয়েছে। কিন্তু তাতেও সংগঠন চাঙা হয়নি।
জেলা কমিটির নেতৃত্বে জটের প্রভাব পড়েছে শহর ও সদর উপজেলা কমিটিতেও। ২০০৫ সালের ৮ অক্টোবর এ দুটি কমিটির সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। কিন্তু দীর্ঘ ১০ বছরেও তা পূর্ণাঙ্গ কমিটি হয়নি। সদর উপজেলা যুবলীগের সভাপতি শহিদুল ইসলাম একটি কলেজের অধ্যক্ষ পদে থাকায় ব্যস্ততা তাঁর সেখানেই বেশি। ২০০৪ সালে সদর উপজেলা আওয়ামী লীগের সম্মেলনে শীর্ষ পদে প্রার্থী হওয়া এই নেতা মূল দল থেকে ফিরেছেন যুবলীগে।
সদরের সাধারণ সম্পাদক আবদুর রাজ্জাক কলেজে শিক্ষকতার পাশাপাশি ফাঁপোড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের দায়িত্ব পালন করছেন। পেশাগত ব্যস্ততার কারণে তিনিও সংগঠনে সময় দিতে পারেন না।
জেলা সভাপতির ছোট ভাই মাহফুজুল আলম ওরফে জয়কে সভাপতি ও উদয় কুমার বর্মণকে সাধারণ সম্পাদক করে ১০ বছর আগে শহর কমিটি ঘোষণা করা হয়। কিন্তু আজও পূর্ণাঙ্গ হয়নি। শহরের ২১টি ওয়ার্ডে কাগজে-কলমে কমিটি থাকলেও নেতারা নিষ্ক্রিয়।
সদর উপজেলা যুবলীগের সভাপতি শহিদুল ইসলাম বলেন, ‘১৯৯২ সাল থেকে যুবলীগ করছি। বয়স ৪৭ ছুঁয়েছে। কিন্তু যুবলীগ ছাড়তে পারিনি। কারণ, ২২ বছর ধরে যুবলীগ করেও ওয়ার্ড-ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য হওয়ার সুযোগ পাইনি। যুবলীগের নেতৃত্ব ছেড়ে দিতে চাই, কিন্তু মূল দলে আমাদের জায়গা দিতে হবে।’ জেলা যুবলীগের সাধারণ সম্পাদক সাগর কুমার রায় বলেন, ‘সভাপতি মূল দলের জেলার যুগ্ম সম্পাদক হওয়ায় জেলা যুবলীগের সম্মেলন করার একক দায়িত্ব এসে পড়েছে আমার ওপর। ইতিমধ্যে ১১ উপজেলা কমিটির সম্মেলন হয়েছে। আগামী মার্চের মধ্যে জেলা কমিটির সম্মেলন অনুষ্ঠিত হবে। সম্মেলন হলেই নতুন নেতৃত্ব বেরিয়ে আসবে এবং সংগঠনও চাঙা হবে।’