দেবী দুর্গার চেতনায় একযোগে কাজ করার আহ্বান কাদেরের

সাম্প্রদায়িকতার বিষবৃক্ষ উৎপাটন করতে দেবী দুর্গার চেতনায় হিন্দু, মুসলিম, বৌদ্ধ-খ্রিষ্টানকে একযোগে কাজ করে বঙ্গবন্ধুর স্বপ্নের অসাম্প্রদায়িক, মানবতাবাদী বাংলাদেশ গড়ার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
আজ বুধবার রাজধানীর খামারবাড়ি সনাতন সমাজকল্যাণ সংঘের পূজামণ্ডপে এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ওবায়দুল কাদের এ কথা বলেন।
ওবায়দুল কাদের বলেন, ‘আমাদের নেত্রী বর্তমানে জাতিসংঘের অধিবেশনের জন্য ওয়াশিংটনে অবস্থান করছেন। সেখানে তাঁর গলব্লাডারে ছোট্ট একটি অস্ত্রোপচার হয়েছে। তবুও আমি তাঁর সঙ্গে কথা বলেছি। নেত্রী, আমাদের পার্টির সভাপতি, বাংলাদেশের সনাতন ধর্মাবলম্বী মাইনরিটিদের (সংখ্যালঘু) আশা-আকাঙ্ক্ষার যিনি আশ্রয়স্থল, বাংলাদেশের মাইনরিটি-বান্ধব সরকারের প্রধান শেখ হাসিনার পক্ষ থেকে আপনাদের শুভেচ্ছা জানাই।’
সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, গতকাল ঢাকায় না থাকার কারণে এ অনুষ্ঠানে আসতে দেরি হয়েছে। এ ছাড়া প্রধানমন্ত্রীর নির্দেশে তিনি রোহিঙ্গাদের মধ্যে ত্রাণ সাহায্য নিয়ে কক্সবাজারে ছিলেন। সেখানে গতকাল সকালে পূজার উদ্বোধন করেন এবং ওই এলাকায় বিকেলে তুরস্কের উপপ্রধানমন্ত্রী আসার কারণে সেতুমন্ত্রী ঢাকায় আসতে পারেননি।
সনাতন সমাজকল্যাণ সংঘের সভাপতি কৃষিবিদ সমীর চন্দের সভাপতিত্বে সংগঠনের সাধারণ সম্পাদক স্বপন কুমার স্বাগত বক্তব্য দেন।