দেবীদ্বার উপজেলা বিএনপি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুমিল্লার দেবীদ্বার উপজেলা বিএনপির ‘পকেট’ কমিটি ঘোষণা করায় কুমিল্লা-৪ আসনের সাবেক সাংসদ মঞ্জুরুল আহসান মুন্সীকে অবাঞ্ছিত ঘোষণা করেছেন বিএনপির একাংশের নেতা-কর্মীরা। গতকাল বুধবার দেবীদ্বার উপজেলা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে তাঁরা তাঁকে অবাঞ্ছিত ঘোষণা করেন।
বেলা ১১টায় অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মো. রফিকুল ইসলাম। তিনি বলেন, ‘বিএনপির দুর্দিনে হামলা ও মামলার শিকার হয়েও আমরা রাজপথ ছাড়িনি। কিন্তু সাবেক সাংসদ ও কুমিল্লা উত্তর জেলা বিএনপির উপদেষ্টা মঞ্জুরুল আহসান মুন্সী গত মঙ্গলবার ঢাকায় তাঁর নিজ বাসভবনে বসে দলের ত্যাগী ও যোগ্য নেতাদের না জানিয়ে নিজের মনগড়া উপজেলা বিএনপির পকেট কমিটি গঠন করেন। বিএনপির নেতা-কর্মীরা ওই অবৈধ কমিটি বাতিল এবং তাঁকে (সাবেক সাংসদ) দেবীদ্বারে অবাঞ্ছিত ঘোষণা করছেন।’
পরে সংবাদ সম্মেলনে দলের ত্যাগী নেতাদের নিয়ে সমন্বয় করে নতুন কমিটি গঠনের জন্য দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার হস্তক্ষেপ কামনা করা হয়। এতে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সহসভাপতি মো. আবু তাহের, কুমিল্লা উত্তর জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক মো. দেলোয়ার হোসেন, উপজেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক মো. মীর হোসেন ও পৌর ছাত্রদলের আহ্বায়ক মো. রেজাউল করিম।পরে উপজেলা প্রেসক্লাবের সামনে ওই পকেট কমিটি বাতিল করে নতুন কমিটি গঠনের দাবিতে দুপুর ১২টা থেকে বেলা একটা পর্যন্ত মানববন্ধন করা হয়।
দলীয় সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার মঞ্জুরুল আহসান ঢাকার তাঁর বাসায় উপজেলা বিএনপির একটি কমিটি গঠন করেন। ফরিদ আহমেদকে সভাপতি ও গিয়াস উদ্দিনকে সাধারণ সম্পাদক করে ১৫১ সদস্যবিশিষ্ট ওই কমিটি ঘোষণা করা হয়। এ ব্যাপারে কথা বলার জন্য গতকাল বিকেলে মঞ্জুরুল আহসান মুন্সীর মুঠোফোনে অন্তত পাঁচবার ফোন করেও সেটি বন্ধ পাওয়া যায়।