দেয়ালে পিঠ ঠেকে গেছে: আব্বাস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা মহানগর বিএনপির আহ্বায়ক মির্জা আব্বাস বলেছেন, তাঁদের পিঠ দেয়ালে ঠেকে গেছে। এখন আন্দোলন ছাড়া কোনো উপায় নেই।
আজ মঙ্গলবার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে মহানগর কমিটির যৌথ সভা শেষে এক ব্রিফিংয়ে মির্জা আব্বাস এ কথা বলেন।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, বিএনপির শীর্ষস্থানীয় নেতাদের নামে মামলা এবং ১৪৭ নেতার বিরুদ্ধে অভিযোগ গঠন আওয়ামী লীগের মতো ‘ফ্যাসিস্ট’ দলের জন্য স্বাভাবিক প্রক্রিয়া। কিন্তু স্বাভাবিক রাজনীতির জন্য অস্বাভাবিক প্রক্রিয়া। এর মোকাবিলার জন্য আন্দোলন ছাড়া উপায় নেই।
আওয়ামী লীগের নেতা শামীম ওসমান বলেছেন, বিএনপির আন্দোলনের জন্য তিনি একাই যথেষ্ট—এ বিষয়ে প্রতিক্রিয়া জানতে চাইলে মির্জা আব্বাস বলেন, ‘এখানে শামীম ওসমানের লেভেলের কোনো নেতা নাই। থাকলে তাঁকে বলতাম এর জবাব দিতে।’
মির্জা আব্বাস জানান, বিচারপতিদের অভিশংসনের ক্ষমতা সংসদের হাতে নেওয়ার উদ্যোগের প্রতিবাদে আগামীকাল বুধবার রাজধানীতে জাতীয় প্রেসক্লাবে মিছিল সমাবেশ করবে বিএনপির নেতৃত্বাধীন ২০-দলীয় জোট।
এর আগে গত সোমবার এই কর্মসূচি ঘোষণার সময় বলা হয়েছিল, রাজধানীর ১৫টি স্থানে মিছিল সমাবেশ হবে।
এ বিষয়ে জানতে চাইলে মির্জা আব্বাস বলেন, তাত্ক্ষণিকভাবে ওই সিদ্ধান্ত জানানো হয়েছিল। একটি স্থানে কর্মসূচি পালনের সিদ্ধান্ত আজ চূড়ান্ত হয়েছে। ১৫টি স্থানে মিছিল-সমাবেশ করলে সাংগঠনিক কার্যক্রম ব্যাহত হতে পারে, তাই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আর ‘আন্তর্জাতিক গুম দিবস’ উপলক্ষে ৩০ আগস্ট জাতীয় প্রেসক্লাবকে মাঝে রেখে মানববন্ধন করবে জোট।

সংবাদ ব্রিফিংয়ে অন্যদের মধ্যে ঢাকা মহানগর বিএনপির সদস্যসচিব হাবিব-উন-নবী খান, যুগ্ম আহ্বায়ক আব্দুল আউয়াল মিন্টু, উপদেষ্টা আবদুস সালাম, সদস্য আবুল খায়ের ভূইয়া প্রমুখ উপস্থিত ছিলেন।