দেরিতে হলেও বিএনপির বোধোদয় ঘটেছে: কাদের
সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বাস্তবতা থেকে দূরে সরে গিয়েছিল বিএনপি। আন্দোলনের নামে বোমাবাজি আর চোরাগোপ্তা হামলার পথ বেছে নেয় তারা। দেরিতে হলেও তাদের বোধোদয় হয়েছে। গতকাল রোববার দুপুরে ফেনী বাইপাসের ফতেপুর এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চার লেন প্রকল্পের আওতায় রেলওয়ে ওভারপাস নির্মাণকাজ পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের কাছে তিনি এ মন্তব্য করেন।
এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, বিগত আটটি সিটি করপোরেশন নির্বাচন অবাধ ও নিরপেক্ষ হয়েছে। সরকার কোনো হস্তক্ষেপ করেনি। এবারও নির্বাচনে নির্বাচন কমিশন স্বাধীন ও নিরপেক্ষভাবে কাজ করে সুষ্ঠু নির্বাচন করবে।
মন্ত্রী জানান, জুলাই মাসের মধ্যে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চার লেন কাজ শেষ হবে। এ সময় উপস্থিত ছিলেন ফেনী-২ আসনের সাংসদ নিজাম উদ্দিন হাজারী, ফেনী জেলা আওয়ামী লীগের সভাপতি আবদুর রহমান, ফেনী পৌরসভার মেয়র আলাউদ্দিন, চার লেন প্রকল্পের অতিরিক্ত প্রকল্প পরিচালক অরুণ আলো চাকমা, প্রকল্প ব্যবস্থাপক সন্তোষ কুমার রায়, ফেনী সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী এনামুল হক, জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক শুসেন চন্দ্র শীল প্রমুখ।