দেশ গড়তে আ.লীগের সঙ্গে আছি: পানিসম্পদ মন্ত্রী
পানিসম্পদমন্ত্রী ও জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য আনিসুল ইসলাম মাহমুদ বলেছেন, ‘দেশ গড়তে এবং দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্যই আওয়ামী লীগের সঙ্গে আছি। খুব অল্প সময়ে দেশ অনেক এগিয়েছে। অনেক ক্ষেত্রে আমরা ভারতের চেয়ে এগিয়ে আছি। প্রধানমন্ত্রী দেশকে বদলাতে চান, পরিবর্তন চান। আমরা সবাই মিলে তাঁর নেতৃত্বে কাজ করে যাচ্ছি।’
আজ রোববার দুপুর ১২টার দিকে সুনামগঞ্জে হাওর ও জলাভূমি উন্নয়ন অধিদপ্তরের আঞ্চলিক কার্যালয়ের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, ‘শেখ হাসিনা যখন ডিজিটাল বাংলাদেশের কথা বলেছিলেন, তখন এ নিয়ে অনেকেই হাসিঠাট্টা করেছিলেন। কিন্তু আজ দেশের মানুষ ডিজিটাল বাংলাদেশের সুফল পাচ্ছে। জনগণকে বুঝতে হবে, উন্নয়নের জন্য রাজনৈতিক স্থিতিশীলতা প্রয়োজন। বোমা মারা ও বাসে আগুন দেওয়ার নাম রাজনীতি হতে পারে না।’
মন্ত্রী বলেন, ‘দেশে মানুষের অনেক আয় বেড়েছে। খাদ্যে দেশ আজ স্বয়ংসম্পূর্ণ। এটা সাধারণ মানুষ করেছেন। কিন্তু পত্রিকার পাতা খুললে মনে হয় দেশ শেষ হয়ে যাচ্ছে। সুশীল সমাজের লোকজনও ভালোটা বলতে চান না। সরকারের সবকিছুই ভালো হবে, সেটা বলছি না। কিন্তু যা ভালো সেটি তো বলা উচিত।’
সুনামগঞ্জ জেলা প্রশাসক শেখ রফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান, পানিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী নজরুল ইসলাম, হাওর ও জলাভূমি উন্নয়ন অধিদপ্তরের মহাপরিচালক আফরোজা মোয়াজ্জেম, পানি উন্নয়ন বোর্ডের অতিরিক্ত মহাপরিচালক আবদুল হাই প্রমুখ বক্তব্য দেন।