দেশ দুর্নীতিতে পরিপূর্ণ হয়ে গেছে: মির্জা ফখরুল
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, গোটা দেশ এখন দুর্নীতিতে পরিপূর্ণ হয়ে গেছে এবং আওয়ামী লীগের সরকার সেটা তৈরি করেছে। তিনি অভিযোগ করেন, একজন ব্যক্তি, একটা পরিবার এবং একটা দলকে প্রতিষ্ঠিত করার জন্য আজ যেভাবে সমগ্র দেশকে গ্রাস করে ফেলা হচ্ছে, ১৯৭২ থেকে ১৯৭৫ সালেও ঠিক সেভাবে গ্রাস করে ফেলা হয়েছিল।
দেশের বর্তমান অর্থনৈতিক অবস্থা তুলে ধরে শুক্রবার বিকেলে এক ভার্চ্যুয়াল আলোচনায় মির্জা ফখরুল ইসলাম এসব কথা বলেন।
বিএনপির স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদ্যাপন কমিটির উদ্যোগে ‘ব্যক্তি খাত বিকাশে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও মুক্তবাজার অর্থনীতি’ শীর্ষক এ আলোচনা সভা হয়।
বিএনপির মহাসচিব বলেন, ‘আজ ব্যাংকিং সেক্টরকে ধ্বংস করে দিয়েছে এই সরকার, শেয়ার মার্কেটকে ধ্বংস করে দিয়েছে। মানি লন্ডারিং এমন পর্যায়ে গিয়ে পৌঁছেছে যে এখন সরকার নিজে বলছে এটা নিয়ন্ত্রণ করা দরকার, দুদক চেষ্টা করছে। দুর্ভাগ্য আমাদের, কয়েক দিন আগে দেখলাম দুদকের যিনি প্রাক্তন চেয়ারম্যান ছিলেন, তাঁর নামেও দুর্নীতির অভিযোগ এসেছে।’
মির্জা ফখরুল ইসলাম অভিযোগ করেন, সরকার দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে একটি মধ্য আয়ের, উন্নয়নের রোল মডেলের দেশ হিসেবে একটা মিথ তৈরি করতে চায়। কিন্তু বাস্তব অবস্থাটা হচ্ছে এখন দেশে প্রায় ছয় কোটি লোক দারিদ্র্যসীমার নিচে। আজকে করোনার যে আঘাত এসেছে, সেই আঘাতে আরও দুই কোটি লোক নতুন করে দরিদ্র হয়ে গেছে। অন্যদিকে কিছু লোক লুট-দুর্নীতির মধ্য দিয়ে হাজার হাজার কোটি টাকার মালিক হয়ে যাচ্ছে।
এ প্রসঙ্গে বিএনপির মহাসচিব বলেন, ১৯৭৫ সালেও তারা সুপরিকল্পিতভাবে লুটপাটের মধ্য দিয়ে এ দেশটাকে একটা ভাগাড়ে পরিণত করেছিল।
প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অর্থনৈতিক সংস্কারের কথা তুলে ধরে বিএনপির মহাসচিব বলেন, তিনি একজন আধুনিক মানুষ হিসেবে আধুনিক বাংলাদেশ নির্মাণ করতে চেয়েছিলেন। তিনি বলেন, ‘আজকে আমাদের জিয়াউর রহমানের পথ অনুসরণ করে প্রথমে আমাদের দলকে সুসংগঠিত করতে হবে, জনগণকে সঙ্গে নিয়ে সব গণতান্ত্রিক শক্তিকে একীভূত করে গণতন্ত্রকে ছিনিয়ে আনতে হবে, গণতন্ত্রের মাতা দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্ত করতে হবে।’
ভার্চ্যুয়াল আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সভায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন দলের স্থায়ী কমিটির সদস্য ও সাবেক বাণিজ্যমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী। খন্দকার মোশাররফ হোসেনের সভাপতিত্বে ও সদস্যসচিব আবদুস সালামের সঞ্চালনায় আলোচনায় আরও অংশ নেন দলের স্থায়ী কমিটির সদস্য জমির উদ্দিন সরকার, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, আবদুল মঈন খান, নজরুল ইসলাম খান, সেলিমা রহমান, ইকবাল হাসান মাহমুদ, ভাইস চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টু, অর্থনীতিবিদ মাহবুব উল্লাহ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য খন্দকার মোস্তাহিদুর রহমান প্রমুখ।