দেশ ধ্বংসে সংকল্পবদ্ধ বিএনপি: প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বিএনপি ও তাদের মিত্ররা দেশ ধ্বংস করতে এবং মুক্তিযুদ্ধের লক্ষ্য বাস্তবায়নে জাতিকে বাধাগ্রস্ত করার অভিসন্ধি থেকে সব ধরনের সহিংসতা ও ধ্বংসাত্মকÄকর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে।

গতকাল রোববার মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের কর্মকর্তাদের উদ্দেশে ভাষণ দানকালে প্রধানমন্ত্রী এ কথা বলেন। বিভিন্ন মন্ত্রণালয় পরিদর্শন কর্মসূচির অংশ হিসেবে প্রধানমন্ত্রী সচিবালয়ে ওই মন্ত্রণালয়ে যান। খবর বাসসের।
যুক্তরাষ্ট্রের কয়েকজন কংগ্রেসম্যানের নামে বিএনপি প্রচারিত সাম্প্রতিক ভুয়া বিবৃতির উল্লেখ করে শেখ হাসিনা বলেন, বিদেশি শক্তির সহায়তায় তারা ক্ষমতা জবরদখল বা বর্তমান সরকারকে ক্ষমতাচ্যুত করতে চায় এবং এ লক্ষ্যে তারা এমনকি জনগণকেও ধোঁকা দিতে চায়।
বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে অবরুদ্ধ রাখা হয়নি—এ কথা পুনর্ব্যক্ত করে প্রধানমন্ত্রী বলেন, বরং খালেদা জিয়ার চাহিদামতো পর্যাপ্ত নিরাপত্তা তাঁকে দেওয়া হয়েছে। তিনি অফিসেই থাকতে চান।
‘যদি সরকার তাঁকে অবরুদ্ধ করে থাকে, তবে কীভাবে প্রতিদিন সেখানে খাবার সরবরাহ করা হচ্ছে, বেগম জিয়া তাঁর রাজনৈতিক কর্মকাণ্ড চালাচ্ছেন এবং দলের নেতারা তাঁর সঙ্গে বৈঠক করছেন’—এসব প্রশ্ন রেখে প্রধানমন্ত্রী বলেন, ‘বিএনপি নেত্রী আন্দোলনের নামে দেশ ধ্বংস করতে সংকল্পবদ্ধ।’
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, অগ্নিসংযোগ করা ছাড়া বিএনপির আর কোনো আন্দোলন নেই। এ দলের চেয়ারপারসন ক্ষমতায় অথবা পার্লামেন্টে না থাকায় গভীর অনুতাপে ভুগছেন।
প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশের সব সামাজিক সূচকে পাকিস্তানের চেয়ে এগিয়ে থাকায় এবং ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময়কার মানবতাবিরোধী অপরাধীদের বিচার পূর্ণগতিতে এগিয়ে যাওয়ায় বিএনপি নেত্রী কষ্ট পাচ্ছেন।
নতুন প্রজন্মের হৃদয়ে মুক্তিযুদ্ধের চেতনা প্রোথিত করে দেওয়ার আহ্বান জানিয়ে শেখ হাসিনা বলেন, এ ক্ষেত্রে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের রয়েছে অনেক দায়িত্ব। অনুষ্ঠানে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী এ কে এম মোজাম্মেল হক ও মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব এম এ হান্নান বক্তব্য দেন।