দেশ মহাসংকটময় সময় পার করছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয় পার্টির চেয়ারম্যান ও সাবেক রাষ্ট্রপতি এইচ এম এরশাদ বলেছেন, বর্তমানে দেশ মহাসংকটময় সময় পার করছে। এর থেকে উত্তরণে জাতীয় পার্টির বিকল্প নেই। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় লালমনিরহাট জেলা পরিষদ মিলনায়তনে জেলা জাতীয় পার্টি দ্বিবার্ষিক-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির ভাষণে এরশাদ এসব কথা বলেন।
ছয় বছর পর অনুষ্ঠিত সম্মেলনে সভাপতিত্ব করেন জেলা সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক এ কে এম মাহবুবুল আলম। বক্তব্য দেন দলের রংপুর মহানগর কমিটির আহ্বায়ক মোস্তাফিজুর রহমান, নীলফামারীর সাংসদ শওকত হোসেন চৌধুরী, রংপুর জেলা জাপার সদস্যসচিব আসিফ শাহরিয়ার, কেন্দ্রীয় কমিটির সদস্য রোকন উদ্দিন প্রমুখ।
আলোচিত তনু হত্যার সমালোচনা করে এরশাদ বলেন, দেশে বর্তমানে শিশু ধর্ষণ, নারী ধর্ষণ ও হত্যা বেড়ে গেছে। কেন এসব বাড়ছে? তারা জানে ধর্ষণ বা হত্যা করলে আদালতে যেতে হবে না, বিচার হবে না, সাজাও হবে না। যদি বিচার হতো, সাজা হতো ও দোষীদের আদালতে যেতে হতো, তাহলে এসব হতো না বা অনেক কম হতো। এইচ এম এরশাদ আরও বলেন, দেশের বিভিন্ন ব্যাংক থেকে নানা কৌশলে ৩০ হাজার কোটি টাকা লুট হয়েছে। কিন্তু এ জন্য কারও বিচার বা সাজা হয়নি বা হবে না। নজিরবিহীনভাবে বাংলাদেশ ব্যাংক থেকে টাকা লুট হচ্ছে, এসব টাকা বাংলাদেশের মানুষের, কিন্তু এ জন্যও কোনো বিচার হবে না।
অনুষ্ঠানের বিশেষ অতিথি দলের কো-চেয়ারম্যান সাবেক মন্ত্রী জি এম কাদের বলেন, যাঁরা সৎ ও যোগ্য তাঁদের অধিকাংশই বর্তমানে রাজনীতিতে টিকে থাকতে পারছেন না, টাকার প্রভাবে তাঁরা পিছিয়ে পড়ছেন। আরেক বিশেষ অতিথি দলের মহাসচিব এ বি এম রুহুল আমীন হাওলাদার বলেন, জি এম কাদেরকে কো-চেয়ারম্যান করায় জাতীয় পাটির নেতা, কর্মী, সমর্থকদের মাঝে প্রাণসঞ্চার হয়েছে। একজন সৎ ও দক্ষ নেতা হিসেবে দেশ-বিদেশে তাঁর গ্রহণযোগ্যতা রয়েছে।
সন্ধ্যায় জাপার কো-চেয়ারম্যান জি এম কাদেরকে সভাপতি ও এ কে এম মাহবুবুল আলমকে সাধারণ সম্পাদক করে লালমনিরহাট জেলা জাতীয় পার্টির নতুন কমিটি ঘোষণা করেন।