সাম্প্রদায়িকতা, জঙ্গিবাদ ও গুপ্তহত্যার মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে গতকাল রোববার মানববন্ধন করেছে আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪-দলীয় জোট।
আমাদের নিজস্ব প্রতিবেদক, আঞ্চলিক কার্যালয় ও প্রতিনিধিদের পাঠানো খবর:
রংপুর: শহরের কাচারি বাজারে জেলা প্রশাসক কার্যালয়ের সামনের সড়কে বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ওই মানববন্ধন ও সমাবেশ হয়। এতে সভাপতিত্ব করেন জেলা আওয়ামী লীগের সভাপতি মমতাজ উদ্দিন। বক্তব্য দেন ওয়ার্কার্স পার্টির জেলা সভাপতি নজরুল ইসলাম হক্কানী, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম, মহানগর আওয়ামী লীগের সভাপতি সাফিউর রহমান ও সাধারণ সম্পাদক তুষারকান্তি মণ্ডল প্রমুখ। এসব অনুষ্ঠানে বক্তারা জামায়াতের রাজনীতি নিষিদ্ধ করার দাবি জানান।
নীলফামারী: ১৪ দলের কর্মসূচিতে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ একাত্মতা প্রকাশ করে। শহরের চৌরঙ্গী মোড়ে প্রায় দেড় ঘণ্টাব্যাপী মানববন্ধন হয়। সমাবেশে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মমতাজুল হক সভাপতিত্ব করেন। বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হাফিজুর রশীদ, পৌর আওয়ামী লীগের সভাপতি মসফিকুল ইসলাম, জেলা কৃষক লীগের সভাপতি অক্ষয় কুমার রায় প্রমুখ।
লালমনিরহাট: শহরের মোগলহাট রেলগেট চত্বরে মুক্তিযোদ্ধা সংসদ জেলা ইউনিট কমান্ড ও জেলা ১৪ দল যৌথভাবে ওই সব কর্মসূচি পালন করে। সমাবেশে বক্তব্য দেন লালমনিরহাট-১ (হাতীবান্ধা-পাটগ্রাম) আসনের সাংসদ মোতাহার হোসেন, জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের (লালমনিরহাট-কুড়িগ্রাম) সাংসদ সফুরা বেগম, জেলা পরিষদের প্রশাসক মো. মতিয়ার রহমান, জেলা মুক্তিযোদ্ধা সংসদ ইউনিট কমান্ডার মেজবাহ উদ্দিন আহমেদ প্রমুখ।
কুড়িগ্রাম: জেলা ১৪ দল ও এর সহযোগী সংগঠন বেলা তিনটা থেকে চারটা পর্যন্ত ওই মানববন্ধন করে। শহরের কুড়িগ্রাম-রংপুর, কুড়িগ্রাম-চিলমারী, কুড়িগ্রাম-ভূরুঙ্গামারী সড়কে এর আয়োজন করা হয়। এতে জেলা আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা আমিনুল ইসলাম মণ্ডলের সভাপতিত্বে বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের সম্পাদক জাফর আলী, মুক্তিযোদ্ধা ইউনিট কমান্ডার সিরাজুল ইসলাম, জাসদের সভাপতি ইমদাদুল হক, শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক অধ্যক্ষ রাশেদুজ্জামান বাবু প্রমুখ।
পঞ্চগড়: পঞ্চগড়ে মানববন্ধন ও সমাবেশে করেছে ১৪ দল। গতকাল বিকেলে শেরেবাংলা পার্কের পাশে পঞ্চগড়-ঢাকা মহাসড়কের পাশে বিকেল তিনটা থেকে চারটা পর্যন্ত এ মানববন্ধন শেষে সমাবেশ হয়। সমাবেশে বক্তব্য দেন পঞ্চগড়-২ আসনের সাংসদ ও জেলা আওয়ামী লীগের সভাপতি মো. নুরুল ইসলাম, সাধারণ সম্পাদক আনোয়ার সাদাত, জেলা জাসদের সভাপতি আবদুল মজিদ, জেলা ওয়ার্কার্স পার্টির সভাপতি আবু বকর ছিদ্দিক, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আমিরুল ইসলাম, জেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার মির্জা আবুল কালাম প্রমুখ।
ঠাকুরগাঁও: সকালে ১৪ দলের উদ্যোগে শহরের বঙ্গবন্ধু সড়কে জেলা আওয়ামী লীগ কার্যালয়ের সামনে ওই সব কর্মসূচি পালন করা হয়। এ সময় ঠাকুরগাঁও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাদেক কুরাইশী, সহসভাপতি মাহবুবুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোশারুল ইসলাম, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার জিতেন্দ্রনাথ রায় প্রমুখ বক্তব্য দেন।
দিনাজপুর: বিকেলে শহরের বাহাদুরবাজার মোড়ে জেলা ১৪ দল ওই মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করে। জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. আজিজুল ইমাম চৌধুরী সমাবেশে সভাপতিত্ব করেন। বক্তব্য দেন সম্মিলিত সাংস্কৃতিক জোটের জেলা সভাপতি মির্জা আনোয়ারুল ইসলাম, জেলা আওয়ামী লীগের সহসভাপতি মো. বজলুল হক, মো. আলাউদ্দিন, শহর আওয়ামী লীগের সভাপতি মো. আনোয়ারুল ইসলাম প্রমুখ।
পার্বতীপুর: বিকেলে শহীদ মিনার সড়কে ১৪ দলের শত শত নেতা-কর্মী ওই কর্মসূচিতে অংশ নেন। সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি হাফিজুল ইসলাম। বক্তব্য দেন সাবেক মেয়র এম এ ওহাব, ১৪ দলের নেতা রেজাউল করিম, আমজাদ হোসেন প্রমুখ।