দেশকে আফগানিস্তান বানাতে চায় বিএনপি-জামায়াত জোট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম নগর আওয়ামী লীগের নেতারা বলেছেন, বিএনপি-জামায়াত জোট আবার ক্ষমতায় এলে আফগানিস্তান, ইরাক ও সিরিয়ার মতো পরিস্থিতি সৃষ্টি হবে দেশে। উত্থান ঘটবে জঙ্গিবাদের। বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে আয়োজিত এক জনসভায় তাঁরা এ কথা বলেন।
গতকাল শনিবার বিকেলে নগরের লালদীঘি ময়দানে এই জনসভার আয়োজন করা হয়। মহানগর আওয়ামী লীগের সহসভাপতি মাহতাব উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে নগর আওয়ামী লীগের সাধারণ আ জ ম নাছিরউদ্দিন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের শিক্ষক জ্যোতি প্রকাশ দত্ত, ওয়ার্ড কাউন্সিলর জহিরুল আলম দোভাষ, নগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বদিউল আলম ও আবদুর রশিদ প্রমুখ বক্তৃতা করেন।
নগর আওয়ামী লীগের সভাপতি এ বি এম মহিউদ্দিন চৌধুরী গতকাল কয়েক মিনিটের জন্য সভায় যোগ দেন। তিনি বক্তৃতা না করেই ঢাকায় চলে যান। তাঁর লিখিত বক্তব্য পড়ে শোনান নগর আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক চন্দন ধর।
লিখিত বক্তব্যে মহিউদ্দিন চৌধুরী বলেন, বিএনপি-জামায়াত দেশে নৈরাজ্যকর পরিস্থিতির সৃষ্টির অপচেষ্টা চালাচ্ছে। এ জন্য আওয়ামী লীগের প্রতিটি নেতা-কর্মীকে সতর্ক থাকতে হবে। যেকোনো ধরনের নাশকতা ও নৈরাজ্য মোকাবিলা করে বিএনপি-জামায়াতকে কঠোর জবাব দিতে হবে। লিখিত বক্তব্যে বলা হয়, ‘সংগ্রাম করে কীভাবে দেশ স্বাধীন করতে হয় সেটা বঙ্গবন্ধু শিখিয়ে গেছেন। এই জাতিকেও তিনি ঐক্যবদ্ধ করতে পেরেছিলেন।’
অা জ ম নাছিরউদ্দিন বলেন, সরকারের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র চলছে। বিএনপি-জামায়াত দেশকে জঙ্গিদের হাতে তুলে দিতে চায়। আফিগানিস্তান, ইরাক ও সিরিয়া বানাতে চায় বাংলাদেশকে। কিন্তু আওয়ামী লীগের একজন কর্মী বেঁচে থাকতে সে স্বপ্ন পূরণ হতে দেওয়া হবে না। তিনি বলেন, দেশে এখন জঙ্গিবাদের উৎপাত নেই। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে।