দেশকে এগিয়ে নিতে জঙ্গিবাদকে প্রতিহত করতে হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পানিসম্পদ মন্ত্রী আনিসুল ইসলাম মাহমুদ বলেছেন, দেশকে এগিয়ে নিতে হলে জঙ্গিবাদকে প্রতিহত করতে হবে। জঙ্গিবাদ মোকাবিলায় এবং অসাম্প্রদায়িক বাংলাদেশ বিনির্মাণে প্রতিটি মানুষকে নিজ নিজ অবস্থান থেকে এগিয়ে আসতে হবে। দেশে চলমান উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে হবে। গতকাল শুক্রবার দুপুরে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার রোসাংগীরি উচ্চবিদ্যালয়ের শতবর্ষ উৎসব ও প্রাক্তন ছাত্রছাত্রী পুনর্মিলনী উদ্‌যাপন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, ২০২১ সালের মধ্যে বাংলাদেশ মধ্যম আয়ের রাষ্ট্রে উপনীত হবে। আর ২০৪১ সালের মধ্যে উন্নত রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ করবে বাংলাদেশ। তিনি বলেন, সরকার শিক্ষার ওপর সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছে। প্রথম থেকে দশম শ্রেণি পর্যন্ত প্রায় ৩২ কোটি বই বিতরণ করা হয়েছে।

বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি সৈয়দ তৈয়্যবুল বশর মাইজভান্ডারির সভাপতিত্বে অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেন রোসাংগীরি ইউপি চেয়ারম্যান ও শতবর্ষ উৎসব উদ্‌যাপন পরিষদের কার্যকরী সভাপতি এস এম শোয়াইব আল সালেহীন। বক্তব্য দেন ফটিকছড়ি উপজেলা পরিষদের চেয়ারম্যান এম তৌহিদুল আলম, মহিলা ভাইস চেয়ারম্যান জেবুন্নাহার, আওয়ামী লীগ নেতা এইচ এম আবু তৈয়ব, সমিতির হাট ইউপি চেয়ারম্যান হারুনুর রশিদ প্রমুখ।