দেশকে দোজখে পরিণত করতে চাচ্ছে বিএনপি-জামায়াত: সংস্কৃতিমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আসাদুজ্জামান নূর। ফাইল ছবি
আসাদুজ্জামান নূর। ফাইল ছবি

সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর বলেছেন বিএনপি-জামায়াত দেশকে দোজখে পরিণত করতে চাচ্ছে। তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে, অথচ বিএনপি-জামায়াত অবৈধ হরতাল-অবরোধের নামে সহিংসতা করে মানুষ হত্যা করছে।
আজ শুক্রবার বিকেলে নীলফামারী জেলা সদরের সাতারুপাড়া গ্রামে ত্রাণ বিতরণ উপলক্ষে আয়োজিত এক জনসভায় প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, বিএনপি-জামায়াত মানুষের জন্য রাজনীতি করে না। তারা পেট্রলবোমা মেরে ঘুমন্ত মানুষকে হত্যা করছে। নারী-পুরুষ কিংবা শিশু কেউ তাদের কাছে নিরাপদ নয়। এটা রাজনীতি হতে পারে না, এটা সন্ত্রাস।
সোনারায় ইউনিয়নের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবদুল মান্নান শাহ্‌ সভায় সভাপতিত্ব করেন। ওই জনসভায় অন্যদের মধ্যে বক্তৃতা করেন জেলা আওয়ামী লীগের সভাপতি দেওয়ান কামাল আহম্মেদ, সাধারণ সম্পাদক মমতাজুল হক প্রমুখ।
এর আগে সকালে নীলফামারী শহরের উদয়ন শিশু বিদ্যাপীঠ চত্বরে জাতীয় শিশু দিবস উপলক্ষে জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন করেন মন্ত্রী। এ সময় তিনি বলেন, শুধু পরীক্ষায় জিপিএ-৫ অর্জনের প্রতিযোগিতা নয়, বাস্তব জীবনেও জিপিএ-৫ অর্জনের প্রতিযোগিতা করতে হবে। এ জন্য পাঠ্যপুস্তকের বাইরে বই পড়ার সুযোগ করে দেওয়ার কথা বলেন তিনি।