দেশকে নিয়ে ভয়ংকর ষড়যন্ত্র শুরু হয়েছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘দেশ ও জাতিকে নিয়ে ভয়ংকর ষড়যন্ত্র শুরু হয়েছে’ বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, ‘আমাদের যতটুকু সামর্থ্য আছে, তা নিয়ে এই ষড়যন্ত্র প্রতিরোধের চেষ্টা করছি। স্বতঃস্ফূর্ত গণ-অভ্যুত্থানের মধ্য দিয়েই আমরা মানুষের ভোট ও বেঁচে থাকার অধিকার ফিরিয়ে আনব।’
গতকাল শনিবার জাতীয় প্রেসক্লাবে অধ্যাপক পিয়াস করিমের স্মরণসভায় মির্জা ফখরুল ইসলাম আলমগীর এসব কথা বলেন। বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদ এ স্মরণসভার আয়োজন করে।
মির্জা ফখরুল বলেন, ‘পিয়াস করিমের মরদেহ শহীদ মিনারে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন তাঁর কিছু সহৃদ ও নাগরিক সমাজ। আমাদের মনে হয়েছিল, এ সিদ্ধান্তটা যৌক্তিক। কারণ, পিয়াস করিম সে রকম মানুষ ছিলেন। কিন্তু দুর্ভাগ্য, আওয়ামী লীগের প্রচ্ছন্ন মদদে একটি মহল এতে বাধা দিয়েছে।’ তিনি বলেন, কিছু অর্বাচীন বালক দেশের নয়জন বিশিষ্ট নাগরিককে অবাঞ্ছিত ঘোষণা করার মতো ঔদ্ধত্য দেখিয়েছে। এরা কারা? কে তাদের এ অধিকার দিয়েছে?
পিয়াস করিমকে শহীদ মিনারে নেওয়ার অনুমতি না দেওয়ায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সমালোচনা করে গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠা জাফরুল্লাহ চৌধুরী বলেন, ‘হীন চক্রান্তে পড়ে তিনি পিয়াস করিমকে শহীদ মিনারে নেওয়ার অনুমতি দেননি। আশা করেছিলাম, তাঁর বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষকের স্বামীর অন্তত একটি জানাজায় তিনি আসবেন। তিনি আসেননি।’
সাংবাদিক শফিক রেহমান দাবি করেন, পিয়াস করিম শহীদ মিনারে নিষিদ্ধ হওয়ার ফলে টেলিভিশনের টক শোর আলোচকেরা সংকুচিত, ভীত ও আতঙ্কিত হতে পারেন।
সম্মিলিত পেশাজীবী পরিষদের ভারপ্রাপ্ত আহ্বায়ক রুহুল আমিন গাজীর সভাপতিত্বে স্মরণসভায় আরও বক্তব্য দেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ওসমান ফারুক, কবি ফরহাদ মজহার, কল্যাণ পার্টির চেয়ারম্যান সৈয়দ মুহাম্মদ ইবরাহিম, সাংবাদিক শওকত মাহমুদ, ড্যাবের মহাসচিব এ জেড এম জাহিদ হোসেন প্রমুখ।