দেশকে নেতৃত্বশূন্য করতে চার নেতাকে হত্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয় চার নেতাকে সুপরিকল্পিত ও ঠান্ডা মাথায় হত্যা করা হয়েছিল। বঙ্গবন্ধুকে হত্যার পর কেউ যেন আওয়ামী লীগকে নেতৃত্ব দিতে না পারেন, এ জন্য তাঁদের হত্যা করা হয় বলে মনে করেন আওয়ামী লীগসহ বিভিন্ন দলের জ্যেষ্ঠ নেতা ও মন্ত্রীরা। তাঁদের মতে, এখনো ষড়যন্ত্র চলছে। মুক্তিযুদ্ধের সব শক্তিকে এর বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকতে হবে।
গতকাল বুধবার রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে ৩ নভেম্বর জেলহত্যা দিবস উপলক্ষে ‘শহীদ এম মনসুর আলী স্মৃতি সংসদ’ আয়োজিত আলোচনা সভায় তাঁরা এসব কথা বলেন।
প্রধান অতিথির বক্তব্যে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেন, খুনিরা ভেবেছিল, বঙ্গবন্ধুর আদর্শ ধ্বংস হবে, আওয়ামী লীগ ধ্বংস হবে। কিন্তু তা হয়নি। বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার হাত ধরে বাংলাদেশ আজ আন্তর্জাতিক ক্ষেত্রে মর্যাদাশীল দেশ।
কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী বলেন, ‘একজন মানুষ মারা গেলে আমরা অনেকে বিচলিত হই। কিন্তু খুনিদের ভেতরে এই বিচলিতবোধ ছিল না। তারা অত্যন্ত সুপরিকল্পিত ও ঠান্ডা মাথায় চার জাতীয় নেতাকে হত্যা করেছিল। কারণ, তারা বঙ্গবন্ধুর অবর্তমানে মুক্তিযুদ্ধকে পরিচালনা করেছিলেন।’
সভাপতির বক্তব্যে স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেন, ২০১৯ সালের নির্বাচনে শেখ হাসিনার নেতৃত্বে ১৪ দলকে সঙ্গে নিয়ে খালেদা জিয়া-বিএনপিকে চূড়ান্তভাবে পরাজিত করব। কারণ, ওদের ক্ষমতায় আসতে দেওয়ার অর্থই হলো, তারা আবার খুনিদের পক্ষাবলম্বন করবে। আবার চক্রান্তকারীদের আশ্রয় দেবে। খুনিদের সঙ্গে কোনো বৈঠক হবে না, আলোচনাও হবে না।
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন বলেন, ‘চার নেতার হত্যা কোনো সাধারণ হত্যাকাণ্ড নয়। এ ধরনের হত্যার রাজনীতি ও কলঙ্কের রাজনীতি আমাদের পরিহার করতে হবে।’
তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেন, যারা জঙ্গিবাদের প্রশ্রয় দেয়, তাদের সঙ্গে চলার পথে মিটমাটের কোনো জায়গা নেই। জঙ্গির প্রধান পৃষ্ঠপোষক, উৎপাদন-পুনরুৎপাদনের কারখানা বিএনপিকে রাজনীতিতে বর্জনের সিদ্ধান্ত নিন।