দেশকে স্বাধীনতার চেতনা থেকে সরিয়ে দিয়েছে আ.লীগ ও বিএনপি: জি এম কাদের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জি এম কাদের
ফাইল ছবি

আওয়ামী লীগ ও বিএনপি বারবার রাষ্ট্রক্ষমতায় গিয়ে স্বাধীনতার মূল চেতনা থেকে দেশকে দূরে সরিয়ে দিয়েছে বলে অভিযোগ করেন জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান জি এম কাদের।

আজ বুধবার সকালে জাপা চেয়ারম্যানের বনানীর কার্যালয়ে এক যোগদান অনুষ্ঠানে জি এম কাদের এসব কথা বলেন।

অনুষ্ঠানে জি এম কাদের বলেন, শোষণ ও বৈষম্যহীন সমাজ গড়তে সংবিধানে চারটি মূলনীতি গ্রহণ করা হয়েছে। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে, চার নীতির তিনটি থেকেই সরে গেছে দেশ।

জাপার চেয়ারম্যান ও সংসদে বিরোধী দলের উপনেতা জি এম কাদের বলেন, ‘সাংবিধানিকভাবেই দেশে একনায়কতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছে, তাই গণতন্ত্র আর নেই।

পশ্চিম পাকিস্তানিরা আমাদের শোষণ করত, এখন আমরা শোষিত হচ্ছি দেশের মানুষের কাছে। প্রতি বছর বিলিয়ন বিলিয়ন ডলার বিদেশে পাচার হচ্ছে, বেগম পাড়া তৈরি হচ্ছে শোষণের টাকায়। ফলে স্বাধীনতার ৫০ বছরেও শোষণ ও বৈষম্যহীন দেশ পায়নি দেশের মানুষ।’

অনুষ্ঠানে জাপার মহাসচিব মুজিবুল হক বলেন, আওয়ামী লীগ ও বিএনপির দুর্নীতি ও দুঃশাসনে দেশের মানুষ বিরক্ত। দেশ দুর্নীতির আখড়ায় পরিণত হয়েছে। দেশের মানুষ ভালো নেই। অনেক কষ্টে দিনাতিপাত করছে সাধারণ মানুষ। কিন্তু দেখার যেন কেউ নেই। অন্যদিকে ইউনিয়ন পরিষদ নির্বাচনে ক্ষমতাসীনরা যেভাবে শক্তি প্রদর্শন করেছে, তাতে দেশের মানুষ আর সরকারের ওপর আস্থা রাখতে পারে না।

গণফোরামের প্রেসিডিয়াম সদস্য প্রকৌশলী মো. সিরাজুল হক জাপা চেয়ারম্যানকে ফুল দিয়ে জাতীয় পার্টিতে যোগ দেন। পরে সিরাজুল হককে জাপা চেয়ারম্যানের উপদেষ্টা হিসেবে নিয়োগের ঘোষণা দেওয়া হয়।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন জাপার প্রেসিডিয়াম সদস্য রেজাউল ইসলাম ভূঁইয়া, ভাইস চেয়ারম্যান মোস্তফা আল মাহমুদ। এ ছাড়া উপস্থিত ছিলেন প্রেসিডিয়াম সদস্য সুনীল শুভ রায়, মীর আবদুস সবুর, আবদুস সাত্তার, সাংগঠনিক সম্পাদক মো. হেলাল উদ্দিন, দপ্তর সম্পাদক এম এ রাজ্জাক খান প্রমুখ।