দেশবিরোধী চুক্তি করে কেউ রক্ষা পায়নি: খালেদা জিয়া
বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া অভিযোগ করে বলেছেন, আওয়ামী লীগ ক্ষমতায় থাকার জন্য সবকিছু বিক্রি করে দিচ্ছে। অতীতে দেশবিরোধী চুক্তি করে কেউ রক্ষা পায়নি। শেখ হাসিনাও পাবেন না।
হত্যাকাণ্ডের শিকার ছাত্রদল নেতা নুরুল আলমের পরিবারের সদস্যরা আজ শনিবার রাতে গুলশান কার্যালয়ে খালেদা জিয়ার সঙ্গে দেখা করতে গেলে তিনি এসব কথা বলেন।
নিহত নুরুল আলম ছাত্রদলের সহসাধারণ সম্পাদক ছিলেন। সম্প্রতি চট্টগ্রামে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য পরিচয়ে তুলে নিয়ে যাওয়ার পর তাঁর লাশ পাওয়া যায় বলে পরিবারের অভিযোগ। আজ রাতে নিহত নুরুল আলমের স্ত্রী সুমি আক্তার, মেয়ে উম্মে হাবিবা ও ছেলে নাইমুল আলমসহ পরিবারের সদস্যরা খালেদা জিয়ার সঙ্গে দেখা করেন। এ সময় খালেদা জিয়া তাঁদের আর্থিক অনুদান দেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফরকে ইঙ্গিত করে খালেদা জিয়া বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের জন্য কিছুই রাখেননি। ক্ষমতায় টিক থাকতে সব বিক্রি করে দিচ্ছেন। বিএনপি চেয়ারপারসন বলেন, আওয়ামী লীগ সরকারের দুঃশাসনের বিরুদ্ধ রুখে দাঁড়াতে মানুষ প্রস্তুত আছে। এখন সময়ের অপেক্ষা, মানুষ রাস্তায় বের হয়ে আসবে। খালেদা জিয়া অভিযোগ করেন, এখন কারও নিরাপত্তা নেই। সরকারের সন্ত্রাসীরা অনেককে ঘর থেকে তুলে নিয়ে গিয়ে গুম করছে, হত্যা করছে। শেখ হাসিনার হাত রক্তে রঞ্জিত।
এ সময় অন্যান্যদের মধ্যে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন।