দেশবিরোধী চুক্তি শেখ হাসিনার হাত দিয়ে হবে না: হানিফ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মাহবুব উল আলম হানিফ
মাহবুব উল আলম হানিফ

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ বলেছেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধুর কন্যা। যার (বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান) নেতৃত্বে দেশ স্বাধীন হয়েছিল সেই দেশের সার্বভৌমত্ব বা দেশের স্বার্থবিরোধী কোনো চুক্তি শেখ হাসিনার হাত দিয়ে কখনো হয়নি, হবেও না।’

আজ বুধবার দুপুরে কুষ্টিয়ায় একটি বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তিনি সাংবাদিকদের কাছে এ মন্তব্য করেন। তিনি তাঁর নির্বাচনী এলাকা সদর উপজেলার হরিনারায়ণপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ের অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন।

হানিফ বলেন, প্রধানমন্ত্রীর ভারত সফরে বেশ কিছু বিষয়ে আলোচনা হবে, দ্বিপক্ষীয় সমস্যা সমাধানের জন্য সমঝোতা এবং চুক্তি সই হওয়ার সম্ভাবনা আছে। প্রধানমন্ত্রী ভারত সফর শেষে তাঁর এই সফর নিয়ে অবশ্যই বলবেন।

বিএনপির কাছে প্রশ্ন রেখে হানিফ জানতে চান, ২০০২ সালে বিএনপি চীনের সঙ্গে যে প্রতিরক্ষা চুক্তি করেছিল সেই চুক্তির আগে ও পরে তারা কি জাতিকে জানিয়েছিল? বা সেই চুক্তির ফলে দেশের সামরিক ক্ষেত্র কি চীনের দখলে চলে গেছে? এমন কিছু নজির সৃষ্টি হয়েছে। তারা কাল্পনিক অভিযোগ করে জনগণকে বিভ্রান্ত করে ভারতবিরোধী রাজনীতির সুফল পাওয়া যাবে না।

হানিফ অভিযোগ করে বলেন, বিএনপি আবারও ভারত বিরোধী রাজনৈতিক খেলা শুরু করেছেন, সেটা এবার কাজে লাগবে না। কারণ তারা বলছে ভারতের সঙ্গে প্রতিরক্ষা চুক্তি হলে দেশের ক্ষতি হবে, দেশের স্বার্থ নষ্ট হবে। মিথ্যাচার করে অন্যকে অভিযুক্ত করা তাদের অভ্যাস।

এ সময় সেখান উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি সদর উদ্দিন খান, সাধারণ সম্পাদক আজগর আলী, অতিরিক্ত পুলিশ সুপার জয়নুল আবেদীন, বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সভাপতি আব্দুল লতিফসহ স্থানীয় আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতারা।