দেশি-বিদেশি ষড়যন্ত্র প্রতিরোধের ডাক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আওয়ামী লীগের নেতৃত্বাধীন ১৪ দলের উদ্যোগে গতকাল রোববার বিভিন্ন জেলায় মানববন্ধন হয়েছে। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে এ মানববন্ধনে দেশে গুপ্তহত্যা, সাম্প্রদায়িকতা, জঙ্গিবাদসহ দেশি-বিদেশি ষড়যন্ত্র প্রতিরোধের ডাক দেওয়া হয়।
প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবর:
কুমিল্লা: বিকেল চারটায় নগরের কান্দিরপাড় পূবালী চত্বরে অনুষ্ঠিত মানববন্ধনে আওয়ামী লীগ, ন্যাপ ও জাসদের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। মানববন্ধনে বক্তব্য দেন কেন্দ্রীয় কৃষক লীগের সহসভাপতি ও কুমিল্লা জেলা পরিষদের প্রশাসক মো. ওমর ফারুক, জেলা ন্যাপের সাধারণ সম্পাদক মো. জাকির হোসেন, কুমিল্লা শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল কাশেম প্রমুখ।
নেত্রকোনা: বেলা তিনটার দিকে জেলা শহরের ছোটবাজার একলাকায় কেন্দ্রীয় শহীদ মিনারের সামনের সড়কে অনুষ্ঠিত মানববন্ধনে ১৪ দলের পাশাপাশি বিভিন্ন প্রগতিশীল সংগঠনের নেতা-কর্মীরা অংশ নেন। মুক্তিযোদ্ধা জেলা ইউনিটের কমান্ডার নূরুল আমিনের সভাপতিত্বে বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি মুক্তিযোদ্ধা মো. সামছুজ্জোহা, সাধারণ সম্পাদক ও সাবেক সাংসদ আশরাফ আলী খান, সরকারি কৌঁসুলি জি এম খান পাঠান প্রমুখ।
জামালপুর: দুপুরে জেলা শহরের দয়াময়ী চত্বরে মানববন্ধনে ১৪ দল ছাড়াও বিভিন্ন প্রগতিশীল সংগঠনের নেতা-কর্মীরা অংশ নেন। মানববন্ধনে বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফারুক আহম্মেদ চৌধুরী, সাবেক সহসভাপতি সৈয়দ আতিকুর রহমান প্রমুখ।