দেশে অনাচারের অসুরের যেন পতন হয়: বিএনপি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘বাংলাদেশে যেন গুম, খুন ও অন্যায়-অনাচারের অসুরের পতন হয়’—সেই প্রার্থনা করতে হিন্দুধর্মাবলম্বীদের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।
গতকাল বৃহস্পতিবার বিকেলে রাজধানীর ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে হিন্দু সম্প্রদায়ের দুর্গাপূজা পরিদর্শনে গিয়ে নজরুল ইসলাম খান এ আহ্বান জানান। তিনি বলেন, শ্রীদুর্গা দুর্গতিনাশিনী। আপনারা দেবীদুর্গার কাছে আবেদন করুন, বাংলাদেশে যেন অসুর না থাকে। দেশকে খুন, গুম, রাহাজানি, অন্যায়-অবিচারে যে অসুর অতিষ্ঠ করে তুলেছে, সে অসুরের যেন পতন হয়।
নজরুল ইসলাম খান বলেন, ‘বিএনপি মনেপ্রাণে বিশ্বাস করে হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিষ্টান—এ দেশ আমাদের সবার। অনাদিকাল থেকে আমরা মিলেমিশে একসঙ্গে বাস করছি। আমরা মনে করি, কোনো ভালো মানুষ, কোনো ভালো মুসলমান সাম্প্রদায়িক হতে পারে না। তেমনি কোনো ভালো হিন্দু, বৌদ্ধ বা খ্রিষ্টানও সাম্প্রদায়িক হতে পারে না।’
বিএনপির এই নেতা বলেন, তিনি জেনেছেন, ঢাকেশ্বরী মন্দিরের ২০ বিঘা জমি আছে। এর ১৪ বিঘাই বেদখল হয়ে গেছে। তিনি সরকারের কাছে মন্দিরের জমি পুনরুদ্ধারের ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান। তিনি বলেন, ‘আমাদের দল ক্ষমতায় গেলে, আর আমি বেঁচে থাকলে এই জমি উদ্ধারের জন্য সরকারের কাছে দাবি জানাব। মসজিদের জায়গা দখল করলে আমরা যেমন প্রতিবাদী হই, তেমনি মন্দিরের জমির জন্যও প্রতিবাদী হবেন এবং তা উদ্ধারে উদ্যোগ নেবেন।’
বিকেল পাঁচটায় নজরুল ইসলাম খান ঢাকেশ্বরী মন্দিরে যান। বিএনপি নেতা গৌতম চক্রবর্তী, জয়ন্ত কুমার কুণ্ড প্রমুখ তাঁর সঙ্গে ছিলেন। ঢাকা মহানগর সর্বজনীন পূজা কমিটির সভাপতি জে এল ভৌমিক ও সাবেক সভাপতি সুব্রত চৌধুরী তাঁদের অভ্যর্থনা জানান।