দেশে অসুস্থ রাজনীতি চলছে: ড. কামাল

দেশে অসুস্থ রাজনীতি চলছে বলে মন্তব্য করেছেন গণফোরামের সভাপতি ড. কামাল হোসেন। তিনি বলেন, জনগণকে পেট্রোলবোমা মেরে হত্যা করা অসুস্থ রাজনীতি। একইভাবে গুম-খুন-ক্রসফায়ারও অসুস্থ রাজনীতি।
গতকাল শনিবার দুপুরে গণফোরামের কেন্দ্রীয় কার্যালয়ে ঢাকা মহানগরের নেতা-কর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় কামাল হোসেন এসব কথা বলেন।
৭ মার্চের বঙ্গবন্ধুর ভাষণের কথা উল্লেখ করে বিশিষ্ট এই আইনজীবী বলেন, ‘এই ভাষণই জাতিকে সেদিন মুক্তির পথ দেখিয়েছিল। তিনি আমাদের একটি স্বাধীন দেশ দিয়েছিলেন। একটি সংবিধান দিয়েছিলেন। আর সেই সংবিধানে সকল ক্ষমতার মালিক জনগণ। তিনি আমাদের সুস্থ রাজনীতির পথ দেখিয়েছিলেন। কিন্তু আজকে দেশে অসুস্থ রাজনীতি চলছে।’
ড. কামাল হোসেন বলেন, ‘ঢাকায় নাকি নির্বাচন হবে। খুবই ভালো কথা। কিন্তু তফসিল ঘোষণার আগেই বিলবোর্ড উঠে গেছে। কোথা থেকে এই টাকা আসে? আজকে নির্বাচন করতে নাকি কোটি কোটি টাকা লাগে? কোথা থেকে এই টাকা আসে? এটা কোন রাজনীতি?’ ড. কামাল হোসেন বলেন, ‘দেশে এখন মনোনয়ন-বাণিজ্য চলছে, নির্বাচন-বাণিজ্য, ভর্তিবাণিজ্য, নিয়োগবাণিজ্য এগুলো চলছে। কিন্তু আমরা কোনো দিন এসব করিনি। গণফোরাম ১৯৯৩ সালে গঠিত হয়েছিল। কোনো দিনও এসব করিনি। আমিও দেশের জ্বালানিমন্ত্রী ছিলাম। কোনো দিন এক টাকারও দুর্নীতি করিনি।’
ড. কামাল হোসেন বলেন, ‘বাঙালি কোনো দিন ভয় পায়নি, পরাজিত হয়নি। ভুট্টো ভেবেছিল ২০-২৫ হাজার লোককে হত্যা করলেই সবাই সারেন্ডার (আত্মসমর্পণ) করবে। কিন্তু বাঙালি আত্মসমর্পণ করতে জানে না, তারা আত্মসমর্পণ করায়। ১৯৭৫ সালের ১৫ আগস্ট বঙ্গবন্ধুর খুনিরা ভেবেছিল তারা মুক্তিযুদ্ধের চেতনাকে হত্যা করে ফেলবে। কিন্তু তারা পারেনি। আজ ১৬ কোটি জনগণকেও কেউ পরাজিত করতে পারবে না।’