দেশে অস্থিতিশীল পরিস্থিতি নেই: মেনন

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী রাশেদ খান মেনন বলেন, ‘দেশে কোনো অস্থিতিশীল পরিস্থিতি নেই। দুফোঁটা পানি পড়লেই বৃষ্টি পড়ে না।’
দুই বিদেশি নাগরিককে হত্যা ও দিনাজপুরে এক ইতালীয় যাজককে গুলি করে আহত করার ঘটনায় দেশ অস্থিতিশীল কি না, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে মন্ত্রী এ কথা বলেন।
আজ বুধবার দুপুর পৌনে ১২টার দিকে জেলা প্রশাসকের সম্মেলনে কক্ষে পর্যটন বর্ষ ২০১৬ সংক্রান্ত জেলা কমিটি ও স্টেক হোল্ডারদের সঙ্গে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে দেন রাশেদ খান মেমন। সভা শেষে বেলা দুইটার দিকে সম্মেলন কক্ষের সামনে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন মেনন।
মানবতাবিরোধী অপরাধের মামলায় সালাউদ্দিন কাদের চৌধুরী ও আলী আহসান মোহাম্মদ মুজাহিদের ফাঁসির আদেশ বহাল থাকা নিয়ে রাশেদ খান মেনন বলেন, এই দুজনের ফাঁসির রায়ে মুক্তিযুদ্ধের ক্ষত দূর হয়েছে। মুক্তিযুদ্ধকে কটাক্ষ করে তাঁরা দুজনই বড় বড় কথা বলতেন।
দেশের সাম্প্রতিক পরিস্থিতি এবং পর্যটন সমস্যা ও সম্ভাবনা নিয়ে রাশেদ খান মেনন বলেন, ফ্রান্সে জঙ্গি হামলায় দেড় শ লোক মারা গেছে। তারপরও ওই দেশে জলবায়ু সম্মেলন স্থগিত করা হয়নি। আর বাংলাদেশে দুজন বিদেশি মারা যাওয়ার ঘটনায় বহির্বিশ্ব সপ্তাহে দুই বার করে রেড অ্যালার্ট জারি করে, যা বাংলাদেশের পর্যটন শিল্পের জন্য ক্ষতিকর।
সভায় মন্ত্রী বলেন, বাংলাদেশের পর্যটন শিল্পকে এগিয়ে নিতে সরকার সব ধরনের সুযোগ সৃষ্টি করে দিতে প্রস্তুত। এ ক্ষেত্রে বেসরকারি উদ্যোগের বিকল্প নেই। তিনি পর্যটনে বেসরকারি বিনিয়োগ বাড়ানোর তাগিদ দেন। তিনি বলেন, মালয়েশিয়া বা নেপাল যদি পর্যটন শিল্প থেকে এত আয় করতে পারে, তাহলে বাংলাদেশ কেন নয়? পোশাকশিল্পের আয়কেও পর্যটন শিল্প ছাড়িয়ে যেতে পারে, যদি সঠিকভাবে আমরা সরকারি ও বেসরকারি উদ্যোগে পর্যটন বান্ধব পরিবেশ সৃষ্টি করতে পারি।
এ সময় বাংলাদেশ পর্যটন করপোরেশনের চেয়ারম্যান অপরূপ রায় চৌধুরী, ময়মনসিংহের দায়িত্বপ্রাপ্ত জেলা প্রশাসক হারুন অর রশিদ, পুলিশ সুপার মঈনুল হকসহ বিভিন্ন উপজেলার পরিষদের চেয়ারম্যান, উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ (ইউএনও) সরকারের বিভিন্ন বিভাগের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা উপস্থিত ছিলেন।