জাতীয় পার্টির চেয়ারম্যান ও সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদ বলেছেন, বাংলাদেশে আইএস বা জঙ্গি নেই। স্থানীয় কিছু বিপথগামী ছেলে সন্ত্রাসী কর্মকাণ্ড চালাচ্ছে। শেখ হাসিনা এসব নিয়ন্ত্রণ করতে সক্ষম হবেন।
নিউইয়র্কের বাংলাদেশি-অধ্যুষিত জ্যাকসন হাইটসের নান্দুস পার্টি হলে গত বৃহস্পতিবার এক সংবর্ধনায় এরশাদ এসব কথা বলেন। যুক্তরাষ্ট্র জাতীয় পার্টি আয়োজিত সংবর্ধনা সভায় এরশাদ বলেন, ভবিষ্যতে আওয়ামী লীগ ও জাতীয় পার্টির মধ্যে নির্বাচন হবে। সে নির্বাচনে জাতীয় পার্টিই ক্ষমতায় আসবে। বাংলাদেশে বিএনপির কোনো অস্তিত্ব নেই। তারেক রহমানের মামলার রায়ের পর ১০ জন মানুষ নিয়েও তারা রাস্তায় নামতে পারেনি।
এরশাদ বলেন, ‘দেশের বর্তমান সংকটময় সময়ে সবাইকে ঐক্যবদ্ধভাবে পরিস্থিতি মোকাবিলা করতে হবে। আমি জাতীয় ঐক্যের প্রস্তাব দিয়েছি। আশা করি, শেখ হাসিনা আমার কথা রাখবেন।’
যুক্তরাষ্ট্র জাতীয় পার্টির ভারপ্রাপ্ত সভাপতি আবদুর রহমানের সভাপতিত্বে সভায় জাপার মহাসচিব রুহুল আমিন হাওলাদারসহ ঢাকা থেকে আসা নেতৃবৃন্দ এবং যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি সিদ্দিকুর রহমানও বক্তব্য দেন।