দেশে আইএস নেই: হানিফ
আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেছেন, দেশে আইএসের কোনো অস্তিত্ব নেই। আন্তর্জাতিকভাবে বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট করার জন্য দেশি-বিদেশি একটি মহল পরিকল্পিতভাবে আইএসের ধুয়া তুলছে।
২ নভেম্বর সোহরাওয়ার্দী উদ্যানে আওয়ামী লীগের সমাবেশের প্রস্তুতি হিসেবে গতকাল সোমবার বিকেলে যুবলীগ কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সভায় হানিফ এসব কথা বলেন। একই উপলক্ষে মহিলা আওয়ামী লীগও একটি মতবিনিময় সভা করে।
মাহবুব উল আলম হানিফ বলেন, সম্প্রতি দুজন বিদেশি নাগরিক হত্যা, পুলিশের এএসআই হত্যা এবং তাজিয়া মিছিলে হামলা মূলত খালেদা জিয়ারই জঙ্গিবাদী তৎপরতার অংশ। টিআইবিসহ কিছু প্রতিষ্ঠান এই সরকারের বিরুদ্ধে নানা মিথ্যা তথ্য দিয়ে জনগণকে বিভ্রান্ত করার অপচেষ্টা চালিয়ে যাচ্ছে বলেও দাবি করেন তিনি।
যুবলীগের চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরীর সভাপতিত্বে মতবিনিময় সভায় আরও বক্তব্য দেন আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক আফজাল হোসেন, যুবলীগের সাধারণ হারুনুর রশীদ প্রমুখ।