দেশে আইএসের কোনো সাংগঠনিক তৎপরতা নেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল

দেশে আইএসের কোনো সাংগঠনিক তৎপরতা নেই বলে আবারও দাবি করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। তিনি বলেন, ‘আমি খুব জোর গলায় বলব, আমাদের দেশে সাংগঠনিকভাবে আইএস ধরনের কোনো কিছুর অস্তিত্ব নেই। এখানে কিছু কিছু জঙ্গি জেএমবি, আনসারুল্লাহ বাংলা টিম নামসহ নানান নামে মাথাচাড়া দিয়ে উঠত। এখন আর সেই ধরনের সাংগঠনিক কায়দায় কিংবা সে ধরনের কেউ নেই। আইএসসহ এই জঙ্গিরা নানা দলের নামে পরিচিত হলেও সবার মূল এক স্থানে।’
আজ মঙ্গলবার সচিবালয়ে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন।
আসাদুজ্জামান খান বলেন, ‘এগুলোর যদি গোড়া খুঁজতে যান, তাহলে দেখবেন তাদের উৎপত্তি জামায়াত-শিবির থেকে।’
তাহলে কি আইএস ও জামায়াত এক—এমন প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ‘আমি তো বললামই, তারা নানা নামে, নানাভাবে আসছে।’
কিন্তু আইএস সম্প্রতি তাদের নিজস্ব সাময়িকী ‘দাবিক’-এর সর্বশেষ সংখ্যার একটি নিবন্ধে জামায়াতে ইসলামীকে ‘মুরতাদ’ ঘোষণা করেছে, যা আন্তর্জাতিক গণমাধ্যমে প্রকাশ পেয়েছে। তাহলে কী করে আইএস ও জামায়াত এক হয়—এমন প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ‘এই মুহূর্তে কে কার সঙ্গে আছে, আমি ঠিক জানি না। আমি বলছি গোড়াটা এক। এ প্রশ্নের উত্তর আমি এভাবে বলব, গোড়াটা হলো জামায়াত-শিবির।’
জামায়াত নিষিদ্ধ করার বিষয়ে মন্ত্রী বলেন, আইনি প্রক্রিয়া চলছে।
গতকাল সোমবার রাতে দশম জাতীয় সংসদের অষ্টম অধিবেশনের সমাপনী বক্তব্যে প্রধানমন্ত্রী দেশের মানুষের কাছে আহ্বান জানিয়ে বলেন, ‘কোনো জঙ্গি বা আইএস যাতে স্থান না পায়, তার জন্য সর্বান্তঃকরণে সম্মিলিতভাবে কাজ করে যেতে হবে। এ জন্য সবাইকে সক্রিয় হতে হবে।’ 

প্রধানমন্ত্রীর ওই কথার সূত্র ধরেই স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে আইএস বিষয়ে জানতে চাওয়া হয়।

ফেসবুক কবে খুলে দেওয়া হবে, জানতে চাইলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘চীনে, ফ্রান্সে প্রয়োজন হয়েছে বলে বন্ধ করে দিয়েছে। আমাদের এখন প্রয়োজন হয়েছে, আমরা সাময়িকভাবে বন্ধ করে দিয়েছি। যেকোনো মুহূর্তে এটা খুলে দেওয়া হবে।’

আজ মঙ্গলবার পর্যন্ত প্রায় দুই লাখ প্রবাসীর হাতে যন্ত্রে পাঠযোগ্য পাসপোর্ট (এমআরপি) পৌঁছানো সম্ভব হয়নি বলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দেওয়া তথ্যই সঠিক বলে মন্তব্য করেন আসাদুজ্জামান। তিনি বলেন, ‘প্রবাসীদের কোনো সমস্যা হবে না। যে কেউ দেশে আসতেও পারবে, যেতেও পারবে। এমআরপি দেওয়ার জন্য আমাদের সক্ষমতা রয়েছে। চাহিদা আরও বাড়লেও জোগান দিতে পারব। যারা দেশের বাইরে বা দেশে রয়েছে তারা আবেদন করলে এমআরপি দেওয়া হবে। কোনো সমস্যা হবে না। পাসপোর্ট অফিসে এখন কাজের চাপ কমে গেছে। প্রতিদিন আমরা ২০ হাজার পাসপোর্ট প্রিন্ট করতে পারি। আর এখন আমাদের প্রতিদিন ২০ হাজার ছাপাতে হয় না।’

বিদেশে থাকা বাংলাদেশিরা সেই দেশের অবস্থানরত দূতাবাসের মাধ্যমে দুই দিনের মধ্যে এমআরপি করতে পারবেন বলেও তিনি জানান।

গত বৃহস্পতিবার সংসদে এক প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী বলেন, বিদেশে বসবাসরত ১১ লাখ ৩২ হাজার ৩৩৭ জনকে এখনো এমআরপি দিতে পারেনি সরকার। পররাষ্ট্রমন্ত্রীর ওই বক্তব্যের পরিপ্রেক্ষিতে স্বরাষ্ট্রমন্ত্রী গতকাল এ কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সরকার ২০১২ সাল থেকে এ নিয়ে কাজ করছে। গতকাল পর্যন্ত মোট এক কোটি ২৫ লাখ এমআরপি পাসপোর্ট দেওয়া হয়েছে। প্রবাসীরা তাৎক্ষণিকভাবে চাইলে দূতাবাস বা মিশন থেকে ‘ট্রাভেল পাসপোর্ট’ নিয়ে দেশে ফিরতে পারবেন।’