দেশে আইএসের কোনো উপস্থিতি নেই: এরশাদ
বাংলাদেশে ইসলামিক জঙ্গিগোষ্ঠীর (আইএস) কোনো উপস্থিতি নেই বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর বিশেষ দূত ও জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদ। আসন্ন পৌরসভা নির্বাচনে দলগতভাবে অংশ নেওয়ার আনুষ্ঠানিক ঘোষণা দেন তিনি।
আজ সোমবার দুপুরে তিন দিনের সফরে এসে রংপুর নগরের দর্শনা এলাকায় নিজ বাড়ি ‘পল্লী নিবাসে’ সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এরশাদ এ মন্তব্য করেন।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে এরশাদ বলেন, বাংলাদেশে আইএসের কোনো উপস্থিতি নেই। তাদের এখানে কোনো কাজ নেই। ওদের সৃষ্টি করেছে পশ্চিমা শক্তিগুলো। তারাই তাদের অস্ত্র গোলা বারুদ দিয়েছে। এখন তারাই আইএসের বিরুদ্ধে বলছে।
আসন্ন পৌরসভা নির্বাচনে দলগতভাবে অংশ নেওয়ার আনুষ্ঠানিক ঘোষণা দিয়ে এইচ এম এরশাদ বলেন, প্রতিটি পৌরসভায় জাতীয় পার্টি প্রার্থী দেবে। স্থানীয় নেতা-কর্মীদের মতামতের ভিত্তিতে প্রার্থী মনোনীত করা হবে। আশা করি, আমরা ভালো করব।
নির্বাচন কমিশনের কর্মকাণ্ডে অসন্তোষ প্রকাশ করে এরশাদ বলেন, তারা একেক বার একেক কথা বলছে। আসলে তারা তাদের আরপিও ঠিক না করা পর্যন্ত¯সব কিছু বোঝা যাচ্ছে না।
দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির কথা উল্লেখ করে এরশাদ বলেন, আমার শাসনামলে দেশে স্বৈরতন্ত্র ছিল। এখন দেশে গণতন্ত্রের নামে কী হচ্ছে? খুন গুম হচ্ছে। মানুষ কথা বলতে পারছেন না।
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া প্রসঙ্গে এরশাদ বলেন, তাঁর বিরুদ্ধে এতিমদের টাকা আত্মসাতের মামলা আছে। আমার ধারণা, এ কারণে তিনি আপাতত দেশে আসবেন না। গ্রেপ্তারের ভয় আছে। তিনি বলেন, খালেদা জিয়া ক্ষমতায় থাকার সময় আমার বিরুদ্ধে ৪২টি মামলা দিয়েছিলেন।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন জেলা জাতীয় পার্টির সদস্যসচিব হোসেন মকবুল শাহরিয়ার, মহানগর জাতীয় পার্টির সভাপতি মোস্তাফিজার রহমান, সদস্যসচিব এস এম ইয়াসির প্রমুখ।