দেশে আর তত্ত্বাবধায়ক সরকার আসবে না: নাসিম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশে আর কোনো দিন তত্ত্বাবধায়ক সরকার আসবে না বলে মন্তব্য করেছেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম। ২০১৯ সালের সাধারণ নির্বাচন প্রধানমন্ত্রী শেখ হাসিনার অধীনেই হবে বলে উল্লেখ করেন তিনি।

আজ শুক্রবার বিকেলে সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার চান্দাইকোনা হাজী ওয়াহেদ-মরিয়ম কলেজ মাঠে উপজেলা ছাত্রলীগ আয়োজিত এক স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্যে স্বাস্থ্যমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মোহাম্মদ নাসিম এসব কথা বলেন। তিনি বলেন, কোনো ষড়যন্ত্র করে লাভ হবে না। বিএনপিকে আগামী নির্বাচনের জন্য প্রস্তুতি নেওয়ার কথা বলেন তিনি।

স্থানীয় বিভিন্ন দাবির পরিপ্রেক্ষিতে স্বাস্থ্যমন্ত্রী বলেন, আগামী নির্বাচনে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগকে আবারও বিজয়ী করতে হবে। কিছু পেতে চাইলে কিছু দিতে হয় বলে উল্লেখ করেন তিনি।

১৯৯৬ সালে বিএনপির নেতৃত্বাধীন ভোটারবিহীন নির্বাচন প্রতিহত করতে গিয়ে নিহত ছাত্রলীগের চার নেতা আনন্দ, বুলবুল, রানা ও জসমতের স্মরণসভায় সভাপতিত্ব করেন রায়গঞ্জ উপজেলা ছাত্রলীগের সভাপতি গোলাম হোসেন শোভন সরকার। সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলমের সঞ্চালনায় সভায় আরও বক্তব্য দেন কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী, সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান আবদুল লতিফ বিশ্বাস, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও সিরাজগঞ্জ-২ (সদর-কামারখন্দ) আসনের সাংসদ হাবিবে মিল্লাত, সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ-তাড়াশ) আসনের সাংসদ গাজী ম ম আমজাদ হোসেন, বগুড়া-৫ (শেরপুর-ধুনট) আসনের সাংসদ হাবিবুর রহমানসহ স্থানীয় নেতারা।