বাংলাদেশে আরও বড় ধরনের জঙ্গি হামলার আশঙ্কা করে নারায়ণগঞ্জের আওয়ামী লীগের সাংসদ শামীম ওসমান বলেছেন, জঙ্গিবাদের বিরুদ্ধে আরও সজাগ হতে হবে। এ সময় তিনি জঙ্গিবাদ রুখতে প্রতিটি পাড়া-মহল্লায় পঞ্চায়েত কমিটি গঠনের আহ্বান জানান।
গতকাল শনিবার বিকেলে নারায়ণগঞ্জ শহরের ইসদাইর এলাকায় ওসমানী আউটার স্টেডিয়াম মাঠে মহানগর আওয়ামী লীগ আয়োজিত মাদক, সন্ত্রাস ও জঙ্গিবাদবিরোধী জনসভায় এসব কথা বলেন শামীম ওসমান। মহানগর আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেনের সভাপতিত্বে জনসভায় বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু হাসনাত মোহাম্মদ শহীদ, মহানগর আওয়ামী লীগের জ্যেষ্ঠ সহসভাপতি চন্দন শীল, সহসভাপতি রোকনউদ্দীন আহম্মেদ, জেলা জাসদের সভাপতি মুক্তিযোদ্ধা আবদুস সাত্তার, জেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও জেলা আইনজীবী সমিতির সভাপতি আনিছুর রহমান, জেলা গণতন্ত্রী পার্টির সভাপতি মাহতাব উদ্দিন, সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের সভাপতি মজিবুর রহমান, বন্দর থানা আওয়ামী লীগের সভাপতি এম এ রশিদ, ফতুল্লা থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শওকত আলী প্রমুখ।
জনসভায় শামীম ওসমান আরও বলেন, আজ সারা দেশে জঙ্গিবাদের কথা বলা হচ্ছে। কিন্তু তিনি অনেক আগেই যখন জঙ্গিবাদের ব্যাপারে কথা বলেছেন, তখন অনেকেই এতে গুরুত্ব দেননি। নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র সেলিনা হায়াৎ আইভীর সমালোচনা করে তিনি বলেন, আইভী প্রধানমন্ত্রী শেখ হাসিনা, দেশ ও দলের বিরুদ্ধে কথা বলেছেন। বক্তব্য শেষে শামীম ওসমান আসন্ন সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে মহানগর আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেনের পক্ষে উপস্থিত নেতা-কর্মীদের কাছে সমর্থন চান।
জনসভায় আরও উপস্থিত ছিলেন সংরক্ষিত নারী আসনের সাংসদ আইনজীবী হোসনে আরা বাবলি ও রূপগঞ্জ উপজেলার তারাব পৌরসভার মেয়র হাসিনা গাজী। তবে জেলা আওয়ামী লীগের সভাপতি আবদুল হাইসহ জেলার অন্যান্য আসনের আওয়ামী লীগ দলীয় সাংসদদের কাউকে দেখা যায়নি।
নারায়ণগঞ্জ শহরের পাশাপাশি বন্দর, সোনারগাঁও, সিদ্ধিরগঞ্জ, রূপগঞ্জ, আড়াইহাজার ও ফতুল্লার আওয়ামী লীগের নেতা-কর্মীরা জনসমাবেশে যোগ দেন। তাঁদের হাতে ফেস্টুন, ব্যানার ও প্ল্যাকার্ড দেখা যায়।
যানজটে দুর্ভোগ: জনসভা উপলক্ষে বেলা একটা থেকে বিকেল সাড়ে পাঁচটা পর্যন্ত ঢাকা-নারায়ণগঞ্জ লিংকরোড ও পুরোনো সড়কে যান চলাচল বন্ধ ছিল। এতে রোগীবাহী অ্যাম্বুলেন্সসহ বিভিন্ন যানবাহন আটকা পড়ে।