এ দেশে একদিন সমাজতন্ত্র প্রতিষ্ঠিত হবেই বলে মনে করেন ন্যাশনাল আওয়ামী পার্টির (ন্যাপ) প্রধান অধ্যাপক মোজাফফর আহমদ। নিজের ৯৫তম জন্মদিন উপলক্ষে কুমিল্লার দেবীদ্বারে গত বৃহস্পতিবার আয়োজিত এক আলোচনা সভায় দেওয়া এক বক্তব্যে এ কথা বলেন তিনি।
দেবীদ্বার উপজেলা ন্যাপ ও মুক্তিযুদ্ধবিষয়ক সংগঠন ‘চেতনায় মুক্তিযুদ্ধ বাংলাদেশ’ অধ্যাপক মোজাফফর আহমদের নিজ গ্রাম এলাহাবাদে ওই আলোচনা সভার আয়োজন করে। এতে ঢাকার বাসভবন থেকে মুঠোফোনে ওই বক্তব্য দেন মুক্তিযুদ্ধকালীন প্রবাসী সরকারের উপদেষ্টা পরিষদের একমাত্র জীবিত সদস্য মোজাফফর আহমদ। দেশবাসীর উদ্দেশে বক্তব্যে ন্যাপপ্রধান বলেন, ‘আমি বিশ্বাস করি, বিলম্বে হলেও এ দেশে একদিন সমাজতন্ত্র প্রতিষ্ঠা হবেই। শ্রমজীবী-গরিব-মেহনতি মানুষের মুক্তির লক্ষ্যে শোষণহীন সমাজব্যবস্থা তথা সমাজতান্ত্রিক সমাজব্যবস্থার বিকল্প নেই। তার জন্য মুক্তিযুদ্ধ ও অসাম্প্রদায়িক চেতনা নিয়ে মেহনতি মানুষের সংগ্রাম চালিয়ে যেতে হবে।’
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা-৪ (দেবীদ্বার) আসনের স্বতন্ত্র সাংসদ রাজী মোহাম্মদ ফখরুল।
প্রবীণ রাজনীতিক মো. সিরাজুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ন্যাপের কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য মুক্তিযোদ্ধা জাকির হোসেন, কেন্দ্রীয় প্রচার ও প্রকাশনা সম্পাদক অনিল চক্রবর্তী, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) কুমিল্লা জেলা সভাপতি এ বি এম আতিকুর রহমান বাশার, মুক্তিযুদ্ধ গবেষক আবুল কাশেম প্রমুখ।
পরে জন্মদিন উপলক্ষে কেক কাটা হয়।