বিএনপির নেতৃত্বাধীন ২০-দলীয় জোটের দাবি, দেশের প্রতিটি জনপদে এখন গুম-আতঙ্ক ও লাশের ছড়াছড়ি। পাড়া-মহল্লা থেকে শুরু করে রাজধানী ঢাকা পর্যন্ত সর্বত্র সংঘাত, হানাহানি, খুন, গুম, অপহরণ ও বন্দুকযুদ্ধের নামে নির্বিচারে মানুষ হত্যার জঘন্য পাশবিকতার খেলা মঞ্চায়িত হচ্ছে।
গতকাল বৃহস্পতিবার জোটের পক্ষে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে বিএনপির যুগ্ম মহাসচিব বরকত উল্লা এসব দাবি করেন।
বিবৃতিতে বলা হয়, জোর করে ক্ষমতারোহণের পর থেকে বর্তমান ফ্যাসিস্ট আওয়ামী সরকার দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতিকে এতটাই নাজুক ও বেহাল করেছে যে এখন এক ব্যক্তির ইচ্ছা-অনিচ্ছার শাসন প্রবর্তন করা হয়েছে দেশে। বুধবার মেহেরপুর জেলায় ছাত্রদলের নেতাকে আওয়ামী দুর্বৃত্তরা নৃশংস কায়দায় কুপিয়ে ও গুলি করে হত্যা করেছে।
বিবৃতিতে দাবি করা হয়, শাসকগোষ্ঠী একদিকে জঙ্গিবাদের বিরুদ্ধে কথা বলছে, অন্যদিকে তারাই জঙ্গি শাসনের মাধ্যমে দেশ চালাচ্ছে। দেশের এই ভয়াবহ পরিস্থিতি থেকে মুক্তির প্রতীক্ষায় স্বাধীনতাকামী জনগণ ২০-দলীয় জোটের আন্দোলনে শামিল হয়েছে। কাঙ্ক্ষিত বিজয় অর্জিত না হওয়া পর্যন্ত চলমান আন্দোলন অব্যাহত রাখতে তারা দৃঢ় সংকল্পবদ্ধ।