দেশে এখন জঙ্গলের শাসন চলছে: ফখরুল
বাংলাদেশে এখন ‘জঙ্গলের শাসন’ চলছে দাবি করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, ‘একদিকে ভয়াবহ জঙ্গিবাদের আক্রমণ-আগ্রাসন, অন্যদিকে এই ফ্যাসিবাদের আক্রমণ-আগ্রাসন। আমি বলি, একটা জঙ্গলের মধ্যে বাস করছি আমরা।’ গতকাল মঙ্গলবার বিকেলে আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবসে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি মিলনায়তনে বিএনপির এক আলোচনা সভায় মির্জা ফখরুল এসব কথা বলেন।
ফখরুল বলেন, গুম-খুনে জড়িত ব্যক্তিদের বিচার বাংলাদেশে একদিন হবেই। আজ বাংলাদেশে যাঁরা এই ঘৃণ্যতম অপরাধ করছেন, তাঁরা যদি মনে করে থাকেন তাঁরা রেহাই পেয়ে যাবেন, এটা ভুল। তিনি বলেন, একদিন না একদিন জনগণের শাসন প্রতিষ্ঠিত হবে, একদিন না একদিন মানুষের অধিকার প্রতিষ্ঠিত হবে, সেদিন এই ঘৃণ্যতম অপরাধের জন্য দায়ী ব্যক্তিদের বিচারের সম্মুখীন হতে হবে।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ বলেন, আজকে গণতন্ত্র নেই বলে রাজনীতি নেই। যে রাজনীতি আছে, সেটা একদলীয় অপরাজনীতি। এটা সুষ্ঠু রাজনীতি নয়।
অনুষ্ঠানে ধানের শীষ পত্রিকার সম্পাদক সাখাওয়াত হোসেন ‘অনন্ত অপেক্ষা’ নামে একটি প্রামাণ্যচিত্র উপস্থাপন করেন। এতে ২০০৯-২০১৬ সাল পর্যন্ত বিভিন্ন সময়ে নিখোঁজ বা গুম হওয়া নেতা-কর্মীদের পরিচয় তুলে ধরা হয়। পরে নিখোঁজ, গুম ও খুনের শিকার পরিবারের সদস্যরা বক্তব্য দেন।