দেশে কথা বলার সাহস কার আছে: এরশাদ
দেশে এখন কেউ কোনো কথা বলতে পারছে না বলে মন্তব্য করেছেন সাবেক রাষ্ট্রপতি এইচ এম এরশাদ। দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে মন্তব্য করতে গিয়ে সাবেক এ রাষ্ট্রপতি বলেন, ‘দেশে এখন কোন গণতন্ত্র চলছে? কার কথা বলার সাহস আছে? কার লেখার সাহস আছে? কেউ কিছুই বলতে পারছে না। এই গণতন্ত্রই দেশে চলছে।’
গতকাল শনিবার রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে জাতীয় পার্টির ঢাকা মহানগর উত্তরের সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন এরশাদ।
বিএনপির সংলাপের প্রস্তাব বিষয়ে এরশাদ বলেন, ‘এখন সংলাপের প্রস্তাব দেওয়ার মতো অবস্থায় নেই বিএনপি। তিনি (খালেদা জিয়া) দেশে ফিরতে পারবেন কি না, তারও ঠিক নেই।’
দলের কর্মকাণ্ডে রওশন এরশাদের সঙ্গে তাঁর কোনো বিরোধ নেই দাবি করে এরশাদ বলেন, ‘যাঁরা বলছেন এরশাদ-রওশনের মধ্যে মিল নেই, তাঁরা ঠিক বলছেন না। তিনি দলের কর্মকাণ্ডে আছেন, সংসদেও কথা বলছেন।’
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন সংসদে বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ, জাতীয় পার্টির মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলু, প্রেসিডিয়াম সদস্য সুনীল শুভ রায়, সাইদুর রহমান, এস এম ফয়সাল চিশতী, বাহাউদ্দিন আহমেদ প্রমুখ।
সম্মেলন শেষে ভোটের মাধ্যমে মহানগর উত্তরের নতুন কমিটি গঠনের কথা থাকলেও বর্তমান সভাপতি এস এম ফয়সাল চিশতীকে আবারও সভাপতি হিসেবে ঘোষণা দেন এরশাদ।