নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান বলেছেন, খালেদা জিয়া রাজবন্দীদের মুক্তি চান। কিন্তু দেশে কোনো রাজবন্দী নেই, আছে যুদ্ধাপরাধী এবং নাশকতায় ইন্ধন দিয়ে গ্রেপ্তার হওয়া অপরাধী।
রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে গতকাল শুক্রবার চলমান অবরোধ-হরতালের প্রতিবাদে আয়োজিত এক বিক্ষোভ সমাবেশে শাজাহান খান এ কথা বলেন। শ্রমিক-কর্মচারী-পেশাজীবী-মুক্তিযোদ্ধা সমন্বয় পরিষদ এ সমাবেশের আয়োজন করে।
শাজাহান খান বলেন, খালেদা জিয়ার আন্দোলনের লক্ষ্য যুদ্ধাপরাধীদের বিচার বন্ধ করা। খালেদা জিয়াকে উদ্দেশ করে তিনি বলেন, ‘২০-দলীয় জোটের “সাচ্চা পাকিস্তানি” নেতাদের পাকিস্তানে নিয়ে যান। আপনার দলের নেতারাই অবরোধ মানছে না। অবরোধে বিএনপি নেতাদের লঞ্চ, গাড়ি চলছে।’
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে উদ্দেশ করে সাংসদ শিরীন আখতার বলেন, ‘হরতাল-অবরোধ দিয়ে যুদ্ধাপরাধীদের বাঁচাতে পারবেন না। সন্ত্রাসবাদ, জিঙ্গবাদ ছেড়ে গণতন্ত্রের পথে আসুন। জনগণ অবরোধ মানছে না, তাই হঠাৎ বোমা-আগুন দিয়ে মানুষ মারছেন।’
সমাবেশ থেকে অবিলম্বে মানুষ হত্যা বন্ধ ও এসব হত্যার দায়ে খালেদা জিয়াকে গ্রেপ্তারের দাবি জানিয়ে বলা হয়, খালেদা জিয়া ক্ষমতায় আসার জন্য ঘরে বসে অবরোধের ডাক দিয়ে মানুষ হত্যা করছেন। অবরোধ তুলে না নিলে সর্বস্তরের শ্রমিকেরা রাস্তায় নেমে আসবে। খালেদাকে তাঁর কার্যালয়ে স্থায়ী অবরোধ করে রাখা হবে।