দেশে গণতন্ত্র নেই: এরশাদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয় পার্টির চেয়ারম্যান ও সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদ বলেছেন, ‘দলীয়ভাবে জাতীয় পার্টি বিরোধী দল। আমি প্রধানমন্ত্রীর বিশেষ দূত হিসেবে নয়, বিরোধী দল হিসেবে বলছি, দেশে কোনো গণতন্ত্র নেই। এভাবে চলতে থাকলে দেশে কোনো বিরোধী দল থাকবে না।’
গতকাল বুধবার বিকেলে রংপুর থেকে ঢাকা ফেরার পথে জাতীয় পার্টির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব দিলারা খন্দকারের গাইবান্ধার পলাশবাড়ীর বাসভবনে আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠানে যোগদানের আগে তিনি স্থানীয় সাংবাদিকদের এসব কথা বলেন।
পলাশবাড়ী উপজেলা জাতীয় পার্টির সভাপতি রফিকুল ইসলামসহ দলীয় নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। এরশাদ বলেন, একের পর এক বিদেশি হত্যা সরকারের বিরুদ্ধে পরিকল্পিত ষড়যন্ত্র। একটি বিশেষ মহল সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন করার উদ্দেশ্যে একের পর এক বিদেশি নাগরিক হত্যা করছে।
যুদ্ধাপরাধীদের ফাঁসির রায় সম্পর্কে তিনি বলেন, আদালতের কার্যক্রম নিয়ে কোনো মন্তব্য নেই। স্থানীয় নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, আসন্ন পৌরসভা নির্বাচন থেকে শুরু করে আগামী দিনের সব নির্বাচনেই জাতীয় পার্টি প্রার্থী দেবে।