দেশে গণতন্ত্রের চিহ্ন নেই: এরশাদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান এইচ এম এরশাদ বলেছেন, দেশে গণতন্ত্রের চিহ্ন নেই। প্রাণহীন গণতন্ত্র চলছে। গতকাল রোববার দুপুরে জাতীয় পার্টির চেয়ারম্যানের বনানী কার্যালয়ে রংপুর বিভাগের নেতা-কর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় এরশাদ এ কথা বলেন।

এরশাদ বলেন, বাংলাদেশে ভ্রমণে পশ্চিমা দেশগুলোর ‘রেড অ্যালার্ট’ জারি দেশের জন্য লজ্জার। এতে দেশের মর্যাদা ক্ষুণ্ন হয়েছে। মানুষের মনে এখন শান্তি নেই, কথা বলার স্বাধীনতা নেই।

প্রধানমন্ত্রীর বিশেষ দূত এরশাদের দাবি, ক্ষমতাসীন দল আওয়ামী লীগকে মানুষ এখন আর চায় না। এটা জাতীয় পার্টির জন্য বড় সুযোগ। এই সুযোগ কাজে লাগাতে হবে। নইলে জাপাও অস্তিত্বের সংকটে পড়বে। এ জন্য দলকে সংগঠিত করার তাগিদ দিয়ে নেতা-কর্মীদের উদ্দেশে তিনি বলেন, ‘কেউ আমাদের বন্ধু না। আমাদের বন্ধু আমরাই। দুর্বলের সঙ্গে কেউ বন্ধুত্ব করে না। আমরা সবল হলে সবাই আমাদের সঙ্গে বন্ধুত্ব করবে। সবাই আমাদের পিছে ঘুরবে।’

মতবিনিময় সভায় জাতীয় পার্টির মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলু, প্রেসিডিয়াম সদস্য জি এম কাদের ও মসিউর রহমান প্রমুখ বক্তব্য দেন।