দেশে গণতন্ত্রের বিন্দুমাত্র চিহ্ন নেই: খালেদা
বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া বলেছেন, দেশে আজ গণতন্ত্রের বিন্দুমাত্র চিহ্ন নেই। মানুষের জানমালের নিরাপত্তা নেই। ৫ জানুয়ারির একতরফা নির্বাচনের মাধ্যমে জাতিকে এক নিষ্ঠুর শাসনের শৃঙ্খলে বন্দী করেছে বর্তমান শাসক দল। আশির দশকের গণতন্ত্র হত্যাকারী পতিত স্বৈরাচার এবং ১৯৭২ থেকে ’৭৫ সময়ের সন্ত্রাসীরা এক জোট হয়ে দেশের সব গণতান্ত্রিক প্রতিষ্ঠানকে ধ্বংসের খেলায় মেতেছে।
৬ ডিসেম্বর ‘স্বৈরাচার পতন দিবস’ উপলক্ষে গতকাল শনিবার রাতে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে খালেদা জিয়া এসব কথা বলেন।
বিএনপির চেয়ারপারসন বলেন, গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলনে ৬ ডিসেম্বর জাতীয় ইতিহাসে এক অবিস্মরণীয় দিন। ১৯৯০ সালের এই দিনে দীর্ঘ নয় বছরের সামরিক ও অগণতান্ত্রিক শাসনের বিরুদ্ধে এক সফল আন্দোলনের পর তৎকালীন সামরিক স্বৈরশাসক এরশাদের পতন ঘটেছিল। যে স্বপ্ন নিয়ে এ দেশের মানুষ ’৯০ সালে স্বৈরশাসনের অবসান ঘটিয়েছিল, জনগণের সব আকাঙ্ক্ষা-স্বপ্ন আজ এই কর্তৃত্ববাদী সরকার তছনছ করে দিয়ে মহান স্বাধীনতাযুদ্ধের চেতনার সঙ্গে বেইমানি করছে।
খালেদা জিয়া বলেন, সব দলের মিলিত ইচ্ছায় যে নিরপেক্ষ, নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা প্রতিষ্ঠিত হয়েছিল, তা এই সরকার সংবিধান থেকে মুছে দিয়েছে। বর্তমান বিনা ভোটের সরকার সংবিধানে বর্ণিত জনগণের মৌলিক অধিকার সম্পূর্ণভাবে হরণ করেছে।
বিবৃতিতে খালেদা জিয়া ১৯৮২ থেকে ১৯৯০ সাল পর্যন্ত স্বৈরাচারবিরোধী আন্দোলনে আত্মদানকারী শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানান এবং তাঁদের রুহের মাগফিরাত কামনা করে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার নতুন সংগ্রামে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।