দেশে ঘুষ-দুর্নীতি রেকর্ড ছাড়িয়েছে: মুজাহিদুল ইসলাম সেলিম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দেশব্যাপী ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে রাজধানীতে সিপিবির বিক্ষোভ মিছিল। ঢাকা, ২৮ সেপ্টেম্বর
ছবি: সংগৃহীত

বর্তমান সময়ে দেশে ঘুষ-দুর্নীতি সকল সময়ের রেকর্ড ছাড়িয়ে গেছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, ঘুষ-দুর্নীতি-লুটপাট বন্ধ, ভোটাধিকার ও গণতন্ত্র নিশ্চিত করার দাবিতে মঙ্গলবার বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) আয়োজিত বিক্ষোভ সমাবেশে তিনি এ কথা বলেন।

মুজাহিদুল ইসলাম সেলিমের সভাপতিত্বে মঙ্গলবার বিকেলে রাজধানীর পুরানা পল্টন মোড়ে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে সিপিবির সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহ আলম, সহকারী সাধারণ সম্পাদক সাজ্জাদ জহির চন্দনসহ সংগঠনের কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।

মুজাহিদুল ইসলাম আরও বলেন, করোনাকালে লাখ লাখ মানুষ কাজ হারিয়েছে। ৭০ শতাংশ মানুষের আয় কমে গেছে। নতুন করে আড়াই কোটি মানুষ দারিদ্র্যসীমার নিচে নেমে যাওয়ায় এখন দেশে পাঁচ কোটির বেশি মানুষ দারিদ্র্যসীমার নিচে বাস করছে। এর মধ্যে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য ঊর্ধ্বমুখী হওয়ায় মানুষের জীবন দুর্বিষহ হয়ে উঠেছে।

সিপিবির সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহ আলম বলেন, সরকার করোনা মোকাবিলায় ১ লাখ ২৮ হাজার কোটি টাকা আর্থিক প্রণোদনা দিয়েছে। আড়াই হাজার টাকা করে পঞ্চাশ লাখ মানুষকে দেওয়ার কথা থাকলেও তা সবাইকে দেওয়া হয়নি। প্রণোদনার প্রায় পুরোটাই শিল্পমালিকসহ ধনী উদ্যোক্তাদের প্রদান করা হয়েছে। কৃষক, শ্রমিকদের নামে যে বরাদ্দ, তা গেছে মূলত চাতাল মালিক, ব্যবসায়ী, অকৃষক জমির মালিক ও পোশাক কারখানার মালিকদের হাতে।

রাজধানী ছাড়াও বরিশাল, গাইবান্ধা, ফরিদপুর, মৌলভীবাজার, নওগাঁ, কুমিল্লা, রাজশাহী, গাজীপুর, ব্রাহ্মণবাড়িয়া, খুলনা, হবিগঞ্জ, রাজবাড়ী, কুষ্টিয়া, পটুয়াখালী, কুড়িগ্রামসহ দেশের প্রায় সকল জেলা শহর এবং অনেক উপজেলা শহরে এই বিক্ষোভ কর্মসূচি পালিত হয়।