দেশে দুর্ভিক্ষের হাতছানি দেখা যাচ্ছে: বিএনপি নেতা সালাম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্যসচিব রফিকুল আলম মজনুর নিঃশর্ত মুক্তির দাবিতে প্রতিবাদ সভা
ছবি: সংগৃহীত

বিএনপি ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক আবদুস সালাম বলেছেন, বর্তমান পরিস্থিতি বিবেচনায় দেশে দুর্ভিক্ষের হাতছানি দেখা যাচ্ছে। আজ শুক্রবার সকালে রাজধানীর জাতীয় প্রেসক্লাবের একটি হলে এক প্রতিবাদ সভায় এ মন্তব্য করেন তিনি।

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্যসচিব রফিকুল আলম মজনুর নিঃশর্ত মুক্তির দাবিতে এই প্রতিবাদ সভার আয়োজন করা হয়।

সভায় দেওয়া বক্তব্যে সরকারের প্রতি আবদুস সালাম বলেন, ‘বাহাত্তর-চুয়াত্তরে দুর্ভিক্ষ আমরা দেখেছি। মানুষ কীভাবে না খেয়ে মারা গেছে, আমরা দেখেছি। আজ সেই অবস্থার হাতছানি আমরা দেখতে পাচ্ছি।’

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে ‘গণতন্ত্রের মা’ হিসেবে উল্লেখ করেন আবদুস সালাম। তিনি বলেন, গণতন্ত্র মুক্তি না পেলে গণতন্ত্রের মা মুক্তি পাবেন না।

তাঁকে জেলে পুরে দিয়ে গণতন্ত্রকেই জেলে পুরেছে। লাখ লাখ নেতা–কর্মীর বিরুদ্ধে মামলা দিয়ে গ্রেপ্তার করে গণতন্ত্রকেই বন্দী করে রাখছে। গণতন্ত্রের মূল প্রতিপাদ্য হচ্ছে নির্বাচন। মানুষের ভোটের অধিকার নেই।