দেশে নৈরাজ্য সৃষ্টি করা হচ্ছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর বলেছেন, ‘ডিজিটাল বাংলাদেশ গড়ার কাজ দ্রুতগতিতে এগিয়ে চলছে। কিন্তু ২০-দলীয় জোট সে উন্নয়নে বাধা সৃষ্টি করছে। হরতাল-অবরোধের নামে তারা নাশকতা সৃষ্টি করছে। আজ তারাই দেশটাকে পেছনের দিকে ঠেলে দিতে গণতন্ত্রের নামে নৈরাজ্য সৃষ্টি করছে।’
গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় নীলফামারীর ডোমার ডিগ্রি মহিলা কলেজ মাঠে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও শহীদ মিনারের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে বক্তৃতা দেওয়ার সময় সংস্কৃতিমন্ত্রী এসব কথা বলেন। তিনি এসব অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন।
এ সময় নারীশিক্ষার প্রতি গুরুত্ব আরোপ করে আসাদুজ্জামান নূর বলেন, ‘বর্তমানে নারীরা পিছিয়ে নেই। নারীরাই আজ প্রধানমন্ত্রী, তাঁরা বিচারপতি, শিক্ষক, পুলিশ ও সেনাবাহিনীর সদস্য। তাই নারীদের শিক্ষার প্রতি আমাদের বেশি গুরুত্ব দিতে হবে।’
ডোমার ডিগ্রি কলেজের ব্যবস্থাপনা কমিটির সভাপতি খায়রুল ইসলামের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে জেলা আওয়ামী লীগের সভাপতি দেওয়ান কামাল আহমেদ, সাধারণ সম্পাদক মমতাজুল হক, নীলফামারী-১ আসনের সাংসদ আফতাব উদ্দিন সরকার, নীলফামারী-৩ আসনের সাংসদ গোলাম মোস্তফা, ডোমার উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুর রাজ্জাক বসুনিয়া, নীলফামারী সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুজার রহমান, কলেজের অধ্যক্ষ শাহিনূল ইসলাম প্রমুখ বক্তৃতা করেন।
এর আগে সংস্কৃতিমন্ত্রী ডোমার বালিকা বিদ্যানিকেতনের তিনতলা ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।
একই দিন তিনি সৈয়দপুরে সামশুল হক মেমোরিয়াল একাডেমি নামে একটি শিক্ষাপ্রতিষ্ঠানের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।