দেশে ফিরছেন মির্জা ফখরুল
যুক্তরাষ্ট্রে এক মাসের বেশি সময় চিকিৎসা শেষে দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গত শুক্রবার নিউইয়র্ক থেকে তিনি দেশের উদ্দেশে রওনা দেন। সিঙ্গাপুরে যাত্রাবিরতি শেষে আগামীকাল সোমবার অথবা পরদিন দেশে ফিরতে পারেন বলে জানা গেছে।
চিকিৎসার জন্য গত ১১ আগস্ট যুক্তরাষ্ট্রে যান মির্জা ফখরুল। যুক্তরাষ্ট্র ত্যাগের আগে তিনি জানান, তাঁর শারীরিক অবস্থা এখন আগের চেয়ে ভালো। চিকিৎসকেরা তাঁকে ছয় মাস পর আবার আসার পরামর্শ দিয়েছেন।
মির্জা ফখরুল আশাবাদ ব্যক্ত করেন, দলের হাজার হাজার কারাবন্দী নেতা-কর্মী যথাযথ প্রক্রিয়ায় মুক্তি পাবেন। গণতান্ত্রিক অধিকারের জন্য বাংলাদেশের জনগণের সংগ্রাম অবশ্যই সফল হবে। বিএনপি বাংলাদেশের মানুষের অধিকার আদায়ের জন্য অব্যাহত সংগ্রাম করছে।
মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে বিমানবন্দরে বিদায় জানাতে উপস্থিত ছিলেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা সাংবাদিক শফিক রেহমান, দলটির ভাইস প্রেসিডেন্ট ও ঢাকার সাবেক মেয়র সাদেক হোসেন খোকা, বিএনপির নেতা আবদুস সালাম, জিল্লুর রহমান, মিজানুর রহমান, আবু সাইদ, মোশাররফ হোসেন প্রমুখ।