দেশে ফিরলেন মির্জা ফখরুল

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঢাকায় ফিরেছেন। আজ সোমবার রাত ১০টা ৪০ মিনিটে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তিনি।
এ সময় বিমানবন্দরে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান, সেলিমা রহমান, চেয়ারপারসনের উপদেষ্টা শামসুজ্জামান দুদু, দলের মুখপাত্র আসাদুজ্জামান রিপনসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীর তাঁকে অভ্যর্থনা জানান।
বিমানবন্দরে তিনি সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। তিনি রাজনীতিতে আবার কবে থেকে সক্রিয় হবেন?—সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে মির্জা ফখরুল বলেন, একজন রাজনৈতিক কর্মী হিসেবে তিনি সব সময় সক্রিয় ছিলেন, এখনো আছেন। অন্য এক প্রশ্নের জবাবে তিনি বলেন, বাংলাদেশে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলন চলছে। বিএনপি আন্দোলনে আছে। এ আন্দোলন সফল হবে।
এক প্রশ্নের জবাবে মির্জা ফখরুল বলেন, দল পুনর্গঠনের প্রক্রিয়া চলছে। এই উদ্যোগ সফল হবে। তিনি কিছুটা সুস্থ হয়ে দেশে ফিরে আসতে পারায় দেশবাসীর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
চিকিৎসার কারণে যুক্তরাষ্ট্রে এক মাসের বেশি সময় ছিলেন মির্জা ফখরুল। গত শুক্রবার নিউইয়র্ক থেকে তিনি দেশের উদ্দেশ্যে রওনা দেন। সিঙ্গাপুরে যাত্রাবিরতি শেষে আজ তিনি দেশে ফিরেছেন। চিকিৎসার জন্য গত ১১ আগস্ট যুক্তরাষ্ট্রে যান মির্জা ফখরুল। যুক্তরাষ্ট্র ত্যাগের আগে তিনি জানান, তাঁর শারীরিক অবস্থা এখন আগের চেয়ে ভালো। চিকিৎসকেরা তাঁকে ছয় মাস পর আবার যাওয়ার পরামর্শ দিয়েছেন।