দেশে ফিরেছেন খালেদা জিয়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পবিত্র হজ পালন শেষে সৌদি আরব থেকে দেশে ফিরেছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। গতকাল বৃহস্পতিবার বিকেল সোয়া পাঁচটার দিকে তিনি ঢাকায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। বিমানবন্দর থেকে গুলশানের বাসায় যান খালেদা জিয়া।

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ, খন্দকার মোশারফ হোসেন, জমিরউদ্দিন সরকার, মির্জা আব্বাস, আমীর খসরু মাহমুদ চৌধুরী, ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমান, মো. শাহজাহানসহ বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা বিমানবন্দরে খালেদা জিয়াকে স্বাগত জানান।

দলের চেয়ারপারসনকে স্বাগত জানাতে বিমানবন্দরে যাওয়া নেতা-কর্মীদের সবাই ভেতরে ঢোকার সুযোগ পাননি। কয়েক হাজার নেতা-কর্মী বিমানবন্দরে সড়কে দাঁড়িয়ে খালেদা জিয়াকে স্বাগত জানান। এতে বিমানবন্দর সড়কে বিকেল থেকে বাড়তি যানজট তৈরি হয়। বিমানবন্দর গোলচত্বরকে কেন্দ্র করে সড়কের দুই পাশে এই যানজট ছড়িয়ে পড়ে।

ঢাকা মহানগর পুলিশের ট্রাফিক বিভাগের নিয়ন্ত্রণকক্ষের তথ্য অনুযায়ী, গতকাল বিকেলে বিএনপির নেতা-কর্মীরা সেখানে জড়ো হতে শুরু করেন। এরপর যানজট বাড়তে থাকে। সন্ধ্যায় এই যানজট প্রকট আকার ধারণ করে। বিমানবন্দরে মির্জা আব্বাস সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, সরকারই নির্বাচন কমিশনকে বিতর্কিত করেছে। তাঁরা আশা করেন, নির্বাচন কমিশনসহ সব সাংবিধানিক প্রতিষ্ঠানকে সরকার নিরপেক্ষ রাখবে।

৭ সেপ্টেম্বর হজ পালনের উদ্দেশে সৌদি আরব যান খালেদা জিয়া। খালেদা জিয়ার সঙ্গে তাঁর বড় ছেলে তারেক রহমান সপরিবারে এবং ছোট ছেলে প্রয়াত আরাফাত রহমান কোকোর স্ত্রীও হজ পালন করেন। তারেক রহমান ও তাঁর পরিবার যুক্তরাজ্য থেকে সৌদি আরবে গিয়ে মায়ের সঙ্গে হজে যোগ দেন।