দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বহনকারী বাংলাদেশ বিমানের ফ্লাইটটি (বিজি-০১৬) আজ বৃহস্পতিবার সকাল ১০টার দিকে সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেছে। সেখানে এক ঘণ্টা যাত্রাবিরতির পর উড়োজাহাজটি ঢাকার উদ্দেশে যাবে।
যুক্তরাজ্যে ছয় দিনের সফর শেষে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে প্রধানমন্ত্রী ও তাঁর সফরসঙ্গীরা গতকাল স্থানীয় সময় সন্ধ্যা ৭টা ২০ মিনিটে (বাংলাদেশ সময় গতকাল রাত ১২টা ২০ মিনিট) লন্ডনের হিথ্রো আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন।
সফরের আগে বাংলাদেশ হাইকমিশনের প্রেস মিনিস্টার নাদিম কাদির প্রথম আলোকে বলেন, এটি প্রধানমন্ত্রীর ব্যক্তিগত সফর। গত রোববার বাংলাদেশে স্বৈরাচারের পতন, গণতন্ত্রায়ণ, উন্নয়ন ও সমৃদ্ধিতে অবদান এবং সর্বশেষ ভারতের সঙ্গে স্থলসীমান্ত চুক্তির সফল বাস্তবায়নের সম্মাননা হিসেবে যুক্তরাজ্য আওয়ামী লীগ প্রধানমন্ত্রীকে সংবর্ধনা দেয়।