
প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে চট্টগ্রামে এক আলোচনা সভায় বক্তারা অভিযোগ করেছেন, দেশ আবার বাকশালী শাসনব্যবস্থায় ফিরে গেছে। কেন্দ্র দখলের মাধ্যমে সাধারণ মানুষের ভোটাধিকার কেড়ে নেওয়া হয়েছে। বাক-স্বাধীনতা, আইনের শাসন ও গণতন্ত্রকে নির্বাসনে পাঠানো হয়েছে।
গতকাল শুক্রবার বিকেলে নগর বিএনপির কার্যালয় নাসিমন ভবনে এই আলোচনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নগর বিএনপির সহসভাপতি আবু সুফিয়ান।
সভায় বক্তব্য দেন চট্টগ্রাম নগর বিএনপির সভাপতি আমীর খসরু মাহমুদ চৌধুরী, বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক গোলাম আকবর খোন্দকার, সাবেক হুইপ সৈয়দ ওয়াহিদুল আলম, নগর বিএনপির সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন, বিএনপির কেন্দ্রীয় সহ-শ্রমবিষয়ক সম্পাদক এ এম নাজিম উদ্দিন, কেন্দ্রীয় কমিটির সদস্য মাহবুবুর রহমান, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক হাসান মোহাম্মদ প্রমুখ।
আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, স্বাধীনতার পরবর্তী ক্রান্তিকালে জিয়াউর রহমান বাংলাদেশের সীমারেখার মধ্যে বসবাসকারী সব ধর্ম-বর্ণের লোকজনকে নিয়ে বাংলাদেশি জাতীয়তাবাদ গঠন করে আদর্শিক অবস্থান পরিষ্কার করেছিলেন। তিনি সবাইকে একত্র করে আধুনিক বাংলাদেশ গড়ে তোলেন। অনেকে চেষ্টা করেও সংবিধান থেকে বাংলাদেশি শব্দ বাদ দিতে পারেননি, বরং তাঁরা বাঙালি জাতীয়তাবাদের কথা বলে ভেদাভেদ সৃষ্টি করে ব্যর্থ হয়েছেন।
আমীর খসরু বলেন, বাকশাল কায়েম করে আওয়ামী লীগ গণতন্ত্রকে হত্যা করেছিল। পরে জিয়াউর রহমান দেশে বহুদলীয় গণতন্ত্র চালু করেন। আবারও জনগণের ভোটাধিকার ও বাক-স্বাধীনতা কেড়ে নিয়ে, আইনের শাসন ও গণতন্ত্রকে হত্যা করে দেশকে বাকশালী শাসনব্যবস্থার দিকে নেওয়া হয়েছে।
গোলাম আকবর খোন্দকার বলেন, দেশে এখন আবার সংকটজনিত পরিস্থিতি বিরাজ করছে। খালেদা জিয়ার নেতৃত্বে আন্দোলন গড়ে তুলে বহুদলীয় শাসনব্যবস্থা কায়েম করতে হবে।
তলাবিহীন ঝুড়ি থেকে জিয়াউর রহমান বাংলাদেশ আধুনিক রাষ্ট্রে পরিণত করেছিলেন বলে দাবি করেন সৈয়দ ওয়াহিদুল আলম।
শাহাদাত হোসেন বলেন, জিয়ার আদর্শ সামনে রেখে গণতন্ত্র ফিরিয়ে আনার আন্দোলনের জন্য নেতা-কর্মীকে প্রস্তুত থাকতে হবে।