দেশে বিচারহীনতার সংস্কৃতি চলছে : এরশাদ

জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদ বলেছেন, দেশে বিচারহীনতার সংস্কৃতি চলছে। ব্যাংকের ৩৫ হাজার কোটি টাকা লুট হলো, কারও বিচার হয়নি। প্রায় ২০০ মেয়ে ধর্ষিত ও খুন হয়েছে, ১৩৬ শিশুকে হত্যা করা হয়েছে, কিন্তু কোনো বিচার হয়নি।
আজ বুধবার বিকেলে পটুয়াখালী শিল্পকলা একাডেমি মিলনায়তনে জেলা জাতীয় পার্টির ত্রিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এরশাদ এসব কথা বলেন।
এরশাদ বলেন, যেখানে বিচারহীনতা চলে, সেখানে সুশাসন থাকে না। এ কারণে সমাজে আজ বিশৃঙ্খলা। তিনি বলেন, জাতীয় পার্টি ক্ষমতায় থাকাকালে দেশে সুশাসন ছিল।
দলের নেতা-কর্মীদের উদ্দেশ করে এরশাদ বলেন, ‘আমাদের সামনে বিরাট পরীক্ষা হলো জাতীয় পার্টিকে সংগঠিত করা। পার্টিকে শক্তিশালী করতে পারলে আমরা শক্তিশালী বিরোধী দল হব এবং ক্ষমতায় যাব।’
দলের সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক আবদুর রাজ্জাক খানের সভাপতিত্বে সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন জাতীয় পার্টির কো-চেয়ারম্যান জি এম কাদের, মহাসচিব এ বি এম রুহুল আমিন হাওলাদার, প্রেসিডিয়াম সদস্য সুনীল শুভ রায়, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খান মোশারফ হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক কাজী আলমগীর, পটুয়াখালী শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সদর উপজেলা চেয়ারম্যান মো. তারিকুজ্জামান মনি, বরিশাল মহানগর জাতীয় পার্টির সভাপতি এ কে এম মর্তুজা আবেদিন, জাতীয় ছাত্রসমাজের কেন্দ্রীয় সভাপতি সৈয়দ মো. ইকতেকার হাসান। সম্মেলনে স্বাগত বক্তব্য দেন সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্যসচিব খায়রুল আলম মামুন।