দেশে-বিদেশে গণহত্যার বিষয় তুলে ধরতে হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘আমাদের কাজ হবে আমাদের লেখায়, আমাদের বলায়, আমাদের আলোচনায়, দেশে-বিদেশে প্রত্যেকটি জায়গায় গণহত্যার বিষয়টি তুলে ধরা।’ প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজনৈতিক উপদেষ্টা এইচটি ইমাম গতকাল শনিবার সকালে গাজীপুরে জাতীয় বিশ্ববিদ্যালয়ের সিনেট হলে আয়োজিত ২৫ মার্চ গণহত্যা দিবসের আলোচনা সভায় এসব কথা বলেন।
প্রধান অতিথির বক্তব্যে এইচটি ইমাম এ ক্ষেত্রে লেখক, গবেষক ও গণমাধ্যমকে ভূমিকা রাখার অনুরোধ জানান। তিনি বলেন, গণহত্যা দিবসটি আইনি কাঠামোর মধ্যে এনে প্রতিবছর ২৫ মার্চ রাত ১০টা বা সাড়ে ১০টার দিকে সারা দেশে এক মিনিটের জন্য নীরবতা পালন করা যেতে পারে। এ বছর সময় হলো না, তবে আগামী বছর থেকে এটা শুরু হতে পারে। ২৫ মার্চ গণহত্যার স্বীকৃতি আদায়ে কূটনৈতিক তৎপরতা চালানোর জন্য সরকারের কাছে অনুরোধ জানিয়েছেন। ইতিমধ্যে দিবসটি পালনের জন্য জাতীয় সংসদ সিদ্ধান্ত নিয়েছে। এটি এখন আইন হয়ে গেছে। পাশাপাশি প্রবাসী বাঙালিদের কাছে এ খবরটি পৌঁছে দিয়ে আন্তর্জাতিকভাবে সমর্থন আদায় করতে বলতে হবে।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হারুন-অর-রশিদের সভাপতিত্বে আলোচনা করেন জনকণ্ঠর নির্বাহী সম্পাদক স্বদেশ রায়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মুহাম্মদ সামাদ।
পরে এইচটি ইমাম বিশ্ববিদ্যালয়ের চত্বরে মুক্তিযুদ্ধে শহীদদের স্মরণে ৩০টি গাছের চারা রোপণ করেন।